ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি খাতের বিনিয়োগের সুযোগ বাড়ানোর যে কোনো উদ্যোগে সরকারকে সহায়তা করবে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি)।
আইএফসির দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিবেশ কর্মকর্তা ইন্দ্রানী সরকার এক কর্মশালায় বলেন, “আমরা বিশ্বাস করি, এ দেশের উন্নয়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেক কর্মকাণ্ড সম্পাদনে সহযোগিতা করার সামর্থ্য বেসরকারি খাতের আছে।”
বুধবার আইএফসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
সরকারি-বেসরকারি অংশদারিত্বে কীভাবে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা যায় তা নিয়ে আইএফসি ও জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা (ইউনাইটেড ন্যাশন্স ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন-ইউনিডো) যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করে। স্বাস্থ্য, পরিবেশ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিনিধি, বিভিন্ন দাতা গোষ্ঠীর প্রতিনিধি, বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞ ও বেসরকারি খাতের উদ্যোক্তারা এতে অংশ নেন।
কর্মশালায় সরকারি-বেসরকারি অংশিদারিত্বের ‘ইতিবাচক’ দিকগুলো তুলে ধরা হয়।
স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক বলেন, “আমাদের উন্নয়ন কর্মপরিকল্পনার অংশ হিসেবে সরকারি-বেসরকারি অংশিদারিত্বে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা এ খাতের দক্ষতা বাড়িয়ে তুলতে পারে এবং সেবার মানোন্নয়ন করতে পারে।”
জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থার দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক আয়ুমি ফুজিনো সরকারি-বেসরকারি অংশিদারিত্বের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, অবকাঠামো খাত, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড ত্বরান্বিত করতে সরকারি-বেসরকারি অংশিদারিত্বে জোর দিতে হবে।
বিশ্ব ব্যাংক গ্র“পের সদস্য আইএফসি ও ইউনিডো দেশের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে উন্নত চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকার ও বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে কাজ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/২১২১ ঘ.
bdnews24