২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হুজুর আমারে মাইরে দড়ি দিয়ে বানদে রাখে’

ওয়াজ শুনে ফিরতে দেরি হওয়ায় নড়াইলের কালিয়া উপজেলায় এক মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে আহত করা হয়েছে। এরপর দড়ি দিয়ে হাত-পা বেঁধে রাখা হয় তাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2011, 12:18 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

মাহবুবুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি নড়াইল, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়াজ শুনে ফিরতে দেরি হওয়ায় নড়াইলের কালিয়া উপজেলায় এক মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে আহত করা হয়েছে। এরপর দড়ি দিয়ে হাত-পা বেঁধে রাখা হয় তাকে। নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের বাঁকা হাফেজী কওমী মাদরাসায় মঙ্গলবার এ ঘটনা ঘটেছে। আহত আজিজুর রহমান (১০) একই উপজেলার জয়নগর গ্রামের রেজাউল ইসলামের ছেলে। বুধবার তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আজিজুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “সোমবার মাদরাসার কাছে ওয়াজ মাহফিল শুনতি যাই। ওয়াজ শুনে আসতি দেরি হওয়ার জন্যি মঙ্গলবার সকালে মাদরাসার ক্বারি হুজুর (মোকাররম হোসেন) আমারে লাঠি দিয়ে মাইরে দড়ি দিয়ে বানদে রাখে। “পরে বুধবার ভোর রাত্তিরি দড়ি ছিড়ে পাশে গ্রামের খালুর (বেলায়েত হোসেনের) বাড়ি চইলে যাই।” ক্বারী শিক্ষক মোকাররম হোসেন ওই শিক্ষার্থীকে মারধরের কথা স্বীকার করে বলেন, “তার বাবা আমাকে তার দেখভালের দায়িত্ব দেওয়ায় আমি তাকে শাসন করেছি।” তবে বেঁধে রাখার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, আজিজুর এর আগে কয়েকবার মাদ্রাসা থেকে পালিয়ে যাওয়ায় তাকে পাহারা দেওয়ার জন্য মাদ্রাসার অন্য এক ছাত্রকে দায়িত্ব দিয়েছিলাম। সে তাকে বেঁধে রেখেছে। এ মাদ্রাসার প্রধান মাওলানা শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছেলেটি একমাস আগে মাদ্রাসায় ভর্তি হয়। এর মধ্যে সে বেশ কয়েকবার পালিয়ে যায়। এজন্য তার অভিভাবকের সম্মতিতে তাকে একটু শাসন করা হয়েছে। “তবে এবার মারটা একটু বেশি হয়ে গেছে”, বলেন তিনি। ঘটনার সময় তিনি মাদ্রাসায় উপস্থিত ছিলেন না বলে দাবি করেন শফিকুল ইসলাম। কালিয়া স্বাস্থ্য কমপে¬ক্সের চিকিৎসক তুষার কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজিজুরের শরীরের বিভিন্ন স্থানে লাঠির আঘাতের চিহ্ন রয়েছে।” সালামাবাদ ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হক আজিজুরকে পিটিয়ে আহত করার বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি শিশুকে এভাবে পেটানো ঠিক হয়নি। আজিজুরের বাবা রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাদ্রাসায় আমার ছেলেকে পিটিয়ে আহত করা হয়েছে ঠিক। কিন্তু আমাদের কারণে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষতি হোক তা আমরা চাই না।” শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীকে মারধর না করার আইন হয়েছে। এ আইনে মারধর করলে শাস্তির বিধান রয়েছে। কালিয়া থানার ওসি সৈয়দ সাঈদ আহম্মেদ দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ধরনের কোনো অভিযোগ এখনো আমাদের কাছে আসেনি। তাই বিষয়টি আমার জানা নেই।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/ডিডি/১৮০০ ঘ.