ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবি নিয়ে বিজয় উৎসব ২০১১ উদযাপন করছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
‘মুক্তিযুদ্ধের শেষ নেই যুদ্ধাপরাদীদের ক্ষমা নেই’ শীর্ষক শিরোনাম নিয়ে চারদিনব্যাপী এই বিজয় উৎসবের আয়োজন করা হয়েছে।
উৎসবের প্রথম দিন মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বলেন, “গত ৪০ বছর ধরে আমরা মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী সব যুদ্ধাপরাধীদের বিচার দাবি করে আসছি। প্রতিশ্র“তি অনুযায়ী বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল গঠন করে শীর্ষ অভিযুক্তদের বিচার প্রক্রিয়া শুরু করেছে।”
“কিন্তু আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি, এই যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া ভণ্ডুল করার জন্য ইতোমধ্যে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে”, বলেন তিনি।
ইউসুফ আরো বলেন, যুদ্ধাপরাধীদের দল এবং তাদের রাজনৈতিক মিত্ররা জনজীবনে বিরাজিত কিছু সঙ্কটকে পুঁজি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করতে চায়।
অনুষ্ঠানে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন জোটের নেতৃবৃন্দরা। পরে মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের স্বজনেরা মোমবাতি জ্বালিয়ে তাদের স্মরণ করেন।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর, নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ, জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ, বিজয় দিবস উদযাপন কমিটির প্রধান সমন্বয়কারী হাসান আরিফ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/২০০৮ ঘ.
bdnews24