২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুপ্তহত্যা নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ

দেশে সা¤প্রতিক গুপ্তহত্যার প্রবণতায় উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠনগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2011, 01:48 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে সা¤প্রতিক গুপ্তহত্যার প্রবণতায় উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠনগুলো। এর পাশাপাশি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে সরকার তার প্রতিশ্র“তি রাখতে ব্যর্থ হয়েছে বলে মনে করছে তারা। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে ১৭টি মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের সমন্বয়ে গঠিত ইউপিআর-হিউম্যান রাইটস ফোরাম। জাতিসংঘের সদস্যভুক্ত প্রতিটি দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনার জন্য ২০০৭ সাল থেকে কাজ শুরু হয় ইউনিভার্সাল পিরিওডিক রিভিউর (ইউপিআর)। এর আওতায় ২০০৯ সালের জুলাই থেকে এ বছরের জুলাই পর্যন্ত দুই বছর ধরে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে তা সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়। ফোরামের সদস্য স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, “জাতিসংঘের ইউপিআর ব্যবস্থার আলোকে বাংলাদেশ মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ প্রর্দশনের অঙ্গীকার করলেও তা বন্ধ হয়নি। বরং ‘গুপ্তহত্যা’ এবং ‘গণপিটুনিতে হত্যার’ মতো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে, এতে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে।” গত কয়েক মাস ধরে আলোচনায় রয়েছে গুপ্তহত্যা। এ নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানও উদ্বেগ প্রকাশ করেছেন। এ হত্যাকাণ্ডের প্রতিটিরই ধরন একই রকম। নিহতদের পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরিচয়ে ধরে নেওয়া হয়, পরে লাশ পাওয়া যায়। নিহত ও গুম হওয়া পরিবারগুলোর বেশিরভাগের অভিযোগ র‌্যাবের বিরুদ্ধে হলেও সন্ত্রাস দমনে গঠিত বিশেষ এ বাহিনী সে অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। ইউপিআর ব্যবস্থার আওতায় ২০০৯ সালের ফেব্র“য়ারিতে জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এতে বাংলাদেশ সরকারের পাঠানো প্রতিবেদন, বেসরকারি সূত্র থেকে প্রাপ্ত তথ্য ও জাতিসংঘের সঙ্কলিত তথ্যের ভিত্তিতে প্রাপ্ত সুপারিশ বিচার-বিবেচনা শেষে একই বছরের জুনে অনুষ্ঠিত ইউপিআরের অধিবেশনে ৪০টি সুপারিশ চূড়ান্ত হয়। “সে অনুযায়ী কাজ করার অঙ্গীকার করেও তা বাংলাদেশ করছে না,” বলেন রঞ্জন কর্মকার। মানবাধিকার কমিশনের কাজে সরকার সহযোগিতা করছে না বলেও অভিযোগ করেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নে ফোরামের সদস্য, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, “সংবিধান সংশোধন করে পাহাড়ি জনগোষ্ঠীর আদিবাসী পরিচয় মুছে ফেলা হয়েছে। সংশোধনী অনুযায়ী বাংলাদেশে বসবাসকারী সবার জাতিগত পরিচয় বাঙালি নির্ধারণ করা হয়েছে, যা বিভিন্ন জাতিসত্তার ভিন্ন জাতিগত ও সাংস্কৃতিক পরিচয়ের অস্বীকৃতি এবং তাদের মানবাধিকার লঙ্ঘনের সমতুল্য।” সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা বলেন, “বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় তৈরি না হওয়া এবং উচ্চ আদালতে বিচারক নিয়োগ নিয়ে বির্তকের সৃষ্টি হতাশাজনক।” রাজনৈতিক বিবেচনায় মামলা প্রত্যাহারের বিষয়টি বিচার বিভাগের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করে আইনজীবী সুলতানা কামাল। ফোরামের সদস্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইন সংশোধনের জন্য সংসদে প্রস্তাব উত্থাপন করা হয়েছে। এই সংশোধনী কার্যকর হলে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে দুদকের উপর নেতিবাচক প্রভাব পড়বে।” এছাড়া বিদেশি কোম্পানির সঙ্গে করা চুক্তি প্রকাশের দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশের চড়াও হওয়া, একটি টিভি চ্যানেল বন্ধ করে দেওয়া, একটি সংবাদপত্র বন্ধের চেষ্টা করা, ‘ক্রসফায়ার’ বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী বন্ধ করা, সাময়িকভাবে ফেসবুক বন্ধ রাখা মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করেছে বলে সংবাদ সম্মেলনে বলা হয়। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) পরিচালক সারা হোসেন, নাগরিক উদ্যোগের সমন্বয়কারী অমিত রঞ্জন দে এবং নারী পক্ষের সদস্য রীতা দাস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১৯৩৮ ঘ.