নরসিংদী, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেনের ‘খুনি’ নাজমুল হাসান শরীফকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
পুলিশের বক্তব্য অনুযায়ী, গত ১ নভেম্বর লোকমানকে যে কয়েকজন গুলি করেছিলেন, তাদেরই এক জন নাজমুল (২৬)।
নাজমুলসহ চার জনকে গত রোববার রাতে গ্রেপ্তার করা হয়। অন্য তিন জন আওলাদ হোসেন রুবেল (২৩), সরওয়ার হোসেন (৩১) ও মীর দেলোয়ার হোসেন (৩৫) কেও পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেয়েছে।
নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান খুনের ঘটনায় এ পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গ্রেপ্তার কয়েকজনকেও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
নাজমুলসহ চার জনকে মঙ্গলবার নরসিংদীর মুখ্য বিচারিক আদালতের হাকিম নিতাই চন্দ্র সাহার আদালতে হাজির করে হেফাজতের (রিমান্ড) আবেদন করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর রশীদ মণ্ডল সাংবাদিকদের বলেন, লোকমান হত্যামামলায় চার জনকে ১০ দিন হেফাজতে রাখার অনুমতি দিয়েছে আদালত।
নাজমুল, আওলাদ ও দেলোয়ারকে গ্রেপ্তারের সময় অস্ত্র ও গুলিও উদ্ধার করা হয়। অস্ত্র মামলায় তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিন হেফাজতের আদেশ দিয়েছে আদালত।
রোববার ঢাকা থেকে গ্রেপ্তার হন নাজমুল ও আওলাদ। গাজীপুর থেকে সরওয়ার এবং নরসিংদী থেকে দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়।
সোমবার পুলিশ হেফাজতে নাজমুল সাংবাদিকদের বলেন, “তিনিই প্রথম রিভলবার দিয়ে মেয়র লোকমানের ওপর এক রাউন্ড গুলি চালান।”
লোকমানের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেপ্তার হলেও এর মধ্যে এক জনই মামলার আসামি। তিনি হলেন নরসিংদী শহর যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন সরকার।
লোকমানের ছোটভাই মো. কামরুজ্জামান ১৪ জনকে আসামি করে যে মামলা করেছেন, তার অধিকাংশ আওয়ামী লীগেরই নেতা-কর্মী। এর মধ্যে টেলিযোগযোগমন্ত্রীর ছোট ভাই সালাউদ্দিন আহমেদ বাচ্চুও রয়েছেন।
অন্য আসামিরা হলেন- টেলিযোগাযোগমন্ত্রীর সহকারী একান্ত সচিব মাসুদুর রহমান মুরাদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মতিন সরকার, শহর আওয়ামী লীগের সভাপতি মমতাজউদ্দীন ভূঁইয়া, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, শহর আওয়ামী লীগের সহ-সভাপতি মিয়া মো. মঞ্জুর, মোবারক হোসেন, মনোয়ার হোসেন খান, হিরণ মিয়া, তারেক আহমেদ, কবীর সরকার, আজিজ মিয়া ও মামুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৬০৫ ঘ.
bdnews24