২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিভে গেলো আলোকবর্তিকা

অসামান্য মনীষায় জীবনভর যুক্তি আর জ্ঞানের আলো ছড়িয়ে চলে গেলেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী। এই শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও কৃতি অনুবাদকের বয়স হয়েছিল ৮৮ বছর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2011, 03:56 AM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অসামান্য মনীষায় জীবনভর যুক্তি আর জ্ঞানের আলো ছড়িয়ে চলে গেলেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী। এই শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও কৃতি অনুবাদকের বয়স হয়েছিল ৮৮ বছর। তার মেয়ে, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক শাহীন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার ভোরে কোনো এক সময় নয়াপল্টনে নিজের বাসায় মারা যান কবীর চৌধুরী। “দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতাও ছিল তার সঙ্গে। ঘুমের মধ্যেই সব শেষ।” ভোর ৬টার দিকে বাবাকে ওষুধ খাওয়াতে গিয়ে শাহীন দেখেন, তিনি আর নেই। ১৯২৩ সালের ৯ ফেব্রুয়ারি ব্রাক্ষণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন কবীর চৌধুরী। তবে তার পৈতৃক নিবাস নোয়াখালীর চাটখিলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছেন, কবীর চৌধুরীর স্থান পূরণ হওয়ার নয়। সকালে বিভিন্ন অঙ্গনের বরেণ্য ব্যক্তিরা তাকে শেষবার দেখতে ছুটে যান তার নয়া পল্টনের বাসায়। বাংলা একাডেমীর মহা পরিচালক শামসুজ্জামান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কবীর চৌধুরী মৃত্যুর আগে কিছু নির্দেশনা দিয়ে গেছেন। তিনি চেয়েছেন তাকে যাতে শহীদ মিনারে না নেওয়া হয়। তার জানাজা ও দাফন যেন খুব সাধারণভাবে করা হয়।” শামসুজ্জামান জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আসরের পর জানাজা শেষে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে কবীর চৌধুরীকে দাফন করা হবে। বাবা খান বাহাদুর আবদুল হালিম চৌধুরী এবং মা আফিয়া বেগম তাদের বড় ছেলের নাম রেখেছিলেন আবুল কালাম মোহাম্মদ কবীর। তবে কর্মজীবনে তিনি অধ্যাপক কবীর চৌধুরী হিসেবেই পরিচিত হন। কবীর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি পান ১৯৪৪ সালে। ১৯৭১ সালের ডিসেম্বরে পাকিস্তানি হানাদর বাহিনী তার ছোটভাই মুনীর চৌধুরীকে হত্যা করে। দেশ স্বাধীন হওয়ার পরপরই কবীর চৌধুরীকে শিক্ষা সচিবের দায়িত্ব দেওয়া হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করা ছাড়াও বাংলা একাডেমীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ১৯৯৮ সালে তাকে জাতীয় অধ্যাপক করা হয়। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে ঘাতক দালাল নির্মূল কমিটি গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। প্রাচীন ইংরেজি কাব্যসাহিত্য; আধুনিক মার্কিন সাহিত্য; শেক্সপিয়র থেকে ডিলান টমাস; ইউরোপের দশ নাট্যকার; সাহিত্য সমালোচনা ও নন্দনতত্ত্ব পরিভাষা; শেক্সপিয়র ও তার মানুষেরা; অ্যাবসার্ড নাটক; পুশকিন ও অন্যান্য; শেক্সপিয়র ও গ্লোবথিয়েটার (১৯৮৭); অভিব্যক্তিবাদী নাটক (১৯৮৭); অসমাপ্ত মুক্তিসংগ্রাম ও অন্যান্য; নজরুল দর্শন; বঙ্গবন্ধু শেখ মুজিব, বাঙ্গালি জাতীয়তাবাদ, মুক্তবুদ্ধির চর্চা; স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়; ছোটদের ইংরেজি সাহিত্যের ইতিহাস এবং ছবি কথা সুরসহ শতাধিক বই লিখে গেছেন কবীর চৌধুরী। যুক্তি আর মানবতার পক্ষে জীবনভর লড়াই চালিয়ে যাওয়া এই শিক্ষক কলম ছাড়েননি জীবনের শেষ দিনগুলোতেও। ২০০৯ সালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক কবীর চৌধুরী মানবতাকেই উচ্চে তুলে ধরার প্রয়োজনীয়তার কথা বলেন। তিনি বলেন, “লেখার জন্য আরো সময় পেলে ভালো হতো। ভালো হতো, যদি দিনটা ২৪ ঘণ্টার চেয়ে আরেকটু বড় হতো।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএইচএ/জেকে/০৯৪৮ ঘ.