গাজীপুর, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- থাইল্যান্ডের রাজকুমারী মহাচক্রী শিরিনধোর্ন সোমবার গাজীপুর সদরের মারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি প্রকল্প পরিদর্শন করেছেন।
‘ম্যাল নিউট্রিশন অ্যান্ড সেনিটেশন’ নামের এই প্রকল্প থাই সরকারের অর্থায়নে পরিচালিত হচ্ছে বলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান।
সকাল ৯টার দিকে রাজকুমারী এবং তার সফরসঙ্গী ২০ জন স্কুলে পৌঁছেন। তাদের স্বাগত জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ।
পরে রাজকুমারী বিদ্যালয়ের শ্রেণীকক্ষ, তাদের অর্থায়নে করা টয়লেট, হাত ধোয়ার সেট, নলকূপ এবং স্কুলের পাশের সবজি বাগান পরিদর্শন করেন।
এছাড়া তিনি বিদ্যালয়ের জন্য খেলার বল, ওজন ও উচ্চতা মাপার যন্ত্র, পানি বিশুদ্ধ করার মেশিন, থাই মিল্ক ট্যাবলেট (প্রত্যোক শিক্ষার্থীকে) ও শিক্ষা উপকরণ বিতরণ করেন।
বেলা ১০টার দিকে তিনি বিদ্যালয় ত্যাগ করেন।
পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রূপন কান্তি শীল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মাহফুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাসান সারওয়ার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মালবিকা ভৌমিক প্রমুখ।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মালবিকা ভৌমিক সাংবাদিকদের জানান, থাইল্যান্ডের অর্থায়নে ২০১০ সালে গাজীপুরের মারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রকল্প চালু হয়।
গাজীপুর ছাড়াও ঢাকার উত্তরার আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই ধরনের প্রকল্প রয়েছে।
এ বছরের মার্চে তিনিসহ মারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক থাইল্যান্ডে ওই প্রকল্পের উপর সাত দিনের কর্মশালায় অংশ নেন বলেও জানান মালবিকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৩ ঘ.
bdnews24