চট্টগ্রাম, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভর্তিচ্ছুর হয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের ভর্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মো. আবুল মনসুর নামের আইন বিভাগের প্রথম বর্ষের এই শিক্ষার্থী মিসকাতুল আজিম সরওয়ার নামে অন্য এক ভর্তিচ্ছুর হয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় অংশ নেয়।
সোমবার মিসকাতুল ভর্তি হতে এলে তথ্য যাচাইয়ের সময় বিষয়টি ধরা পড়ে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার।
আবুল মনসুর কক্সবাজার জেলার নাইক্ষ্যংছড়ি থানার ফুলতলি গ্রামের হারু মিয়ার ছেলে। তিনি ২০১০-১১ শিক্ষাবর্ষে আইন বিভাগে প্রথম বর্ষে ভর্তি হন।
অধ্যাপক মুহাম্মদ জাফর উল্লাহ বলেন, “আইন বিভাগের শিক্ষার্থী হয়ে একই বিভাগে অন্য একজনের হয়ে ভর্তি পরীক্ষা দেওয়ায় আবুল মনসুরের ভর্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
জালিয়াতির মাধ্যমে ভর্তির সুযোগ পাওয়া মিসকাতুলকেও ভর্তি হতে দেওয়া হয়নি। লিখিত মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
এর আগে রোববার জালিয়াতির মাধ্যমে নির্বাচিত হয়ে ভর্তি হতে এলে দিদারুল আলম নামে আরেক শিক্ষার্থীকে আটক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দিদারুলের পরিবর্তে তার বোন ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলো বলে প্রমাণ পায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত ১ ডিসেম্বর আইন বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা হয়। পরীক্ষার দিন উত্তরপত্র বদলের অভিযোগে চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এএইচ/২১৫৬ ঘ.
bdnews24