২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন স্থানে টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদ

বরাক নদীর টিপাইমুখে ভারতের বাঁধ নির্মাণ উদ্যোগের প্রতিবাদে সোমবার দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2011, 03:45 PM

Updated : 24 Aug 2022, 05:22 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরাক নদীর টিপাইমুখে ভারতের বাঁধ নির্মাণ উদ্যোগের প্রতিবাদে সোমবার দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হয়েছে। এসব কর্মসূচি থেকে টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধে আন্দোলনের পাশাপাশি সরকারকে আন্তর্জাতিক আদালতে যাওয়ার আহ্বান জানানো হয়। টিপাইমুখে বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ভারত তাদের কয়েকটি রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে মনিপুর রাজ্য সরকারের বিনিয়োগ চুক্তির খবর গত ১৮ নভেম্বর প্রকাশ করে বিবিসি। এরপর বিষয়টি নিয়ে বাংলাদেশে উদ্বেগ সৃষ্টি হয়। সিলেট, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার ও সুনামগঞ্জ থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর- সিলেট: দুপুরে শহরের কিনব্রিজ সংলগ্ন চাঁদনীঘাট এলাকায় ‘টিপাইমুখ বাঁধ প্রতিরোধ আন্দোলন’ মানববন্ধন করেছে। টিপাইমুখ বাঁধ প্রতিরোধ আন্দোলনের জেলা আহ্বায়ক এডভোকেট বেদানন্দ ভট্টাচার্যর সভাপতিত্বে মানববন্ধনে আন্তর্জাতিক ফারাক্কা কমিটির আমেরিকা চ্যাপ্টারের মহাসচিব সৈয়দ টিপু সুলতান, কমিটির বাংলাদেশের যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কাশেম লস্কর, টাচিং সোলস ইন্টারন্যাশনাল আমেরিকার তাহমিনা সুলতান সংহতি জানিয়ে বক্তব্য দেন। এছাড়া বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতি সভাপতি এমাদ উল্লাহ, গণতন্ত্রী পার্টির জেলা সভাপতি মো. আরশ আলী, জেলা জাসদ সাধারণ সম্পাদক লোকমান আহমদ প্রমুখ। মানববন্ধন শেষে আগামী ১ জানুয়ারি সিলেট শহীদ মিনারে সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। নারায়ণগঞ্জ: দুপুরে শহরের চাষাঢ়ায় জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে টিপাইমুখ বাঁধ প্রতিরোধ কমিটি। সংগঠনের নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নাগরিক কমিটির সভাপতি এডভোকেট এবি সিদ্দিক, সাধারণ সম্পাদক আবদুর রহমান, সিপিবি জেলা সভাপতি জিয়া হায়দার ডিপটি, সাধারণ সম্পাদক দুলাল সাহা, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, ওয়ার্কাস পার্টি জেলা সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি প্রদীপ ঘোষ বাবু প্রমুখ। হবিগঞ্জ: একই সংগঠন দুপুরে হবিগঞ্জ শহরের চৌধুরীবাজার খোয়াইমুখ পয়েন্টেও মানববন্ধন করে। সংগঠনের জেলা আহ্বায়ক সাঈদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সিপিবি জেলা সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক পিযুষ চক্রবর্তী, জেলা ন্যাপ সাধারণ সম্পাদক গকুল চন্দ্র দাস, বাংলাদেশ গ্র“প থিয়েটার ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল সোহেল প্রমুখ। নেত্রকোনা: টিপাইমুখ বাঁধ প্রতিরোধ কমিটি নেত্রকোনা জেলা আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন মোস্তফা কামাল, খন্দকার আনিছুর রহমান, এডভোকেট নজরুল ইসলাম খান প্রমুখ। এছাড়া নেত্রকোনায় খেলাফত আন্দোলনের উদ্যোগে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে গোলটেবিল বৈঠক করা হয়। বৈঠক থেকে নেতৃবৃন্দ গণস্বাক্ষর সংগ্রহ, মানববন্ধন, স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচি ঘোষণা করা হয়। গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা আব্দুর রকিব, জেলা আমির মুফতী আব্দুল বারী প্রমুখ। সুনামগঞ্জ: টিপাইমুখ বাঁধ প্রতিরোধ আন্দোলন দুপুরে শহরের বালুরঘাটে মানববন্ধন করে। এতে বক্তব্য দেন চিত্তরঞ্জন তালুকদার, রহমান মিজান, শাহাজাহান চৌধুরী, এনাম আহমেদ, জাহাঙ্গীর আলম প্রমুখ। মৌলভীবাজার: শহরের মনু নদীর তীরে দুপুর সাড়ে ১২টায় মানববন্ধন করে টিপাইমুখ বাঁধ প্রতিরোধ জেলা কমিটি। এতে বক্তব্য দেন খন্দকার লুৎফুর রহমান, এডভোকেট নিলিমেষ ঘোষ বলু, মাহফুজুর রহমান, আবদুল মালিক প্রমুখ। গত ১৮ নভেম্বর বিবিসির প্রতিবেদন প্রকাশের পর বাংলাদেশ এ প্রকল্পের বিষয়ে জানতে নয়া দিল্লিতে চিঠি পাঠালে ভারতের পক্ষ থেকে জানানো হয়, বাঁধ নির্মাণ করে ১৫০০ মেগাওয়াটের টিপাইমুখ জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের জন্য বরাক নদীর পানি প্রত্যাহার করা হবে না। এ কারণে বাংলাদেশের ওপর কোনো বিরূপ প্রভাবও পড়বে না। পরিবেশ বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ভূমিকম্প প্রবণ এলাকা টিপাইমুখে বাঁধ হলে যদি তা কখনো ভেঙে যায় তবে দেশের পূর্বাঞ্চল ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১৪১ ঘ.