২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রতিবন্ধীদের জন্য চাই বেসরকারি উদ্যোগ’

প্রতিবন্ধীদের চাহিদা পূরণে এগিয়ে আসতে বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। তিনি মনে করেন এক্ষেত্রে সরকারি পদক্ষেপ ‘যথেষ্ট নয়’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2011, 02:22 PM

Updated : 24 Aug 2022, 05:22 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবন্ধীদের চাহিদা পূরণে এগিয়ে আসতে বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। তিনি মনে করেন এক্ষেত্রে সরকারি পদক্ষেপ ‘যথেষ্ট নয়’। সোমবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে প্রতিবন্ধী বিষয়ক এক কর্মশালায় গভর্নর বলেন, চলতি অর্থ বছরের জাতীয় বাজেটে দুই লাখ ৮৬ হাজার অস্বচ্ছল প্রতিবন্ধীকে অর্থনৈতিক সহায়তার জন্য একশ’ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এছাড়া প্রতিবন্ধীদের জন্য শিক্ষা কার্যক্রম, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, কারিগরি শিক্ষা ও পুনর্বাসন কেন্দ্রসহ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। “এসব পদক্ষেপ সত্ত্বেও দেশের প্রায় এক কোটি ৩০ লাখ প্রতিবন্ধীর অর্থনৈতিক চাহিদা পূরণে সরকারি পদক্ষেপ যথেষ্ট নয়” মন্তব্য করে তিনি বলেন, “সেজন্য প্রতিবন্ধীদের উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।” স¤প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের মোট জনসংখ্যার নয় শতাংশ প্রতিবন্ধী। এদের মধ্যে ১১ শতাংশ শিক্ষা অর্জনে সক্ষম নয়। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, ২০১০ সালে দেশীয় ব্যাংকগুলি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাতে মোট ২৩ লাখ টাকা ব্যয় করেছে যা আগের বছরের ব্যয়ের প্রায় চার গুণ। প্রতিবন্ধীদের সেবা সহজ করতে বাংলাদেশ ব্যাংকের সব অফিসের ক্যাশ বিভাগে আলাদা কাউন্টার স্থাপন করা হয়েছে বলে জানান তিনি। এছাড়া সব তফসিলি ব্যাংককে প্রতিবন্ধীদের অর্থনৈতিক সেবা দানের উদ্দেশ্যে একজন কর্মকর্তা মনোনয়নের পরামর্শ দেওয়া হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ নীতিমালায় অক্ষম, প্রতিবন্ধী ব্যক্তিদের ঋণ সঞ্চালনে বিশেষ অগ্রাধিকার প্রদানের জন্য সব ব্যাংককে নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় প্রতিবন্ধী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের জন্য ডাচ বাংলা ব্যাংক, এইচএসবিসি ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের প্রশংসা করেন তিনি। ‘অর্থবহ সামাজিক দায়বদ্ধতা: উন্নয়নে প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তিকরণ’ শীর্ষক এ কর্মশালায় এএইচএম নোমান খান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএইচ/২০১৯ ঘ.