রাঙামাটি, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটিতে এক ব্যক্তির লাশ উদ্ধারের জেরে বাসে হামলায় আরেকজন নিহত হওয়ার ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে রাঙামাটির বাঘাইছড়িতে। নিহত আব্দুল সাত্তারের ছিনতাই হওয়া মোটর সাইকেলটি উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ায় প্রশাসন বাঘাইছড়ি পৌর এলাকায় ১৪৪ ধারা জারি রেখেছে।
বাঘাইছড়ির থানার উপপরিদর্শক (এসআই) মো. সারোয়ার জানান, বৃহস্পতিবার সকালে বাঘাইছড়ি সদর উপজেলার কাচলং কলেজ ক্যাম্পাস থেকে নিহত আব্দুল সাত্তারের ছিনতাই হওয়া মটর সাইকেলটি উদ্ধার করা হয়।
তিনি বলেন, “মোটর সাইকেলটি পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা থানায় খবর দেয়। পরে সেটি থানায় নিয়ে আসা হয়।”
খাগড়াছড়ির দীঘিনালার কবাখালী এলাকার বাসিন্দা সাত্তার (২৭) মোটর সাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন। মঙ্গলবার রাতে দীঘিনালা থেকে দুজন যাত্রী নিয়ে রাঙামাটির বাঘাইছড়ি যাওয়ার পর নিখোঁজ হন তিনি। পরদিন সকালে তার লাশ পাওয়া যায় বাঘাইছড়িতে।
সাত্তারকে পাহাড়িরা হত্যা করেছে সন্দেহে দীঘিনালায় বাঙালিদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে কবাখালী এলাকায় একটি যাত্রীবাহী বাসে চড়াও হয় বাঙালিরা। তাদের ইটের আঘাতে গুরুতর আহত হন কাংগরিমা ছড়ার বাসিন্দা চিগন মিলা চাকমা (৪৩)। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার।
এই পরিপ্রেক্ষিতে বুধবারই বাঘাইছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে স্থানীয় প্রশাসন।
রাঙামাটির জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তী ও পুলিশ সুপার মাসুদ-উল-হাসান পাহাড়ি ও বাঙালিদের নিয়ে সমঝোতা বৈঠকের জন্য বৃহস্পতিবার দুপুরে বাঘাইছড়িতে পৌঁছেছেন। দুপুরের পর এই বৈঠক হওয়ার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/জেকে/১৪১৮ ঘ.
bdnews24