২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড় তিন সেতু নিয়ে শঙ্কা যোগাযোগমন্ত্রীর

ঢাকা-চট্টগ্রাম সড়ক পথের বড় তিনটি সেতুই ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2011, 02:02 PM

Updated : 24 Aug 2022, 05:22 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম সড়ক পথের বড় তিনটি সেতুই ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তাই মেঘনা, মেঘনা-গোমতী ও কাচপুর সেতুতে শিগগিরই মেরামত চালানো হবে বলে জানিয়েছেন তিনি। মন্ত্রীর দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মাথায় সোমবার সন্ধ্যায় যোগাযোগ মন্ত্রণালয়ে মেঘনা সেতু ব্যবহারকারী যানবাহনের ওজন নিয়ন্ত্রণ সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে কাদের তিনটি সেতু নিয়েই শঙ্কা প্রকাশ করেন। তিনি সাংবাদিকদের বলেন, এ তিন সেতুর যে কোনোটি ধসে পড়লে চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। তিন সেতুর মধ্যে তুলনামূলকভাবে বেশি ঝূঁকিপূর্ণ মেঘনা সেতুতে আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে ওভার লোড কন্ট্রোল মেশিন বসানো হচ্ছে। তিনটি সেতু মেরামতের কাজ দ্রুত শুরু হবে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, সেতু মেরামতের সময় যানবাহন চলাচলের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে ফেরি দেওয়া হবে। পদ্মা সেতুর বিষয়ে কাদের বলেন, এ সরকারের মেয়াদেই বহু প্রতীক্ষিত এই সেতুর কাজ শুরু করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেকেআই/এমআই/১৯৫৫ ঘ.