ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশনের দুই ভাগে নির্বাচন বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার নির্বাচন কমিশন বৈঠকে বসছে বলে জানিয়েছেন এক নির্বাচন কমিশনার।
নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “এতোদিন আমরা দুই নির্বাচন কমিশনার ব্যক্তিগত মত দিয়েছি। প্রধান নির্বাচন কমিশনার দেশে ফিরেছেন। সোমবার পুরো কমিশন বসে আমাদের মেয়াদে নির্বাচন করা না করার বিষয়ে সিদ্ধান্ত নেব।”
নির্বাচন করায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুরোধের জবাবে ইসি তাদের সিদ্ধান্তও জানাবে বলে উল্লেখ করেন তিনি।
ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করতে গত ২৯ নভেম্বর সংসদে পাস হওয়া একটি বিল গত ১ ডিসেম্বর গেজেট আকারে প্রকাশ হয়।
ডিসিসি উত্তর ও দক্ষিণ বিভক্ত হওয়ার গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতার পর সরকার ও ইসি’র পক্ষ থেকে পাল্টাপাল্টি বক্তব্য আসছে।
৪ ডিসেম্বর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ার্ডের তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ। ইতোমধ্যে দুই ভাগে প্রশাসকও নিয়োগ করেছে সরকার।
৯০ দিনের মধ্যে বিভক্ত ডিসিসিতে নির্বাচন অনুষ্ঠানে অনুরোধ জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় গত ৪ ডিসেম্বর চিঠিও দেয়।
ইসির বৈঠকে কী সিদ্ধান্ত আসতে পারে- জানতে চাইলে ছহুল হোসাইন বলেন, “আমরা তো ৯০ দিন পাচ্ছি না। এতো অল্প সময়ে দুই ভাগে নির্বাচন করা তো কঠিন। নির্বাচন করতে পারলে করবো না কেন?”
আরেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন ইতোমধ্যে এ নির্বাচন করা ‘বেশ জটিল’ উল্লেখ করে বলেছেন, ৯০ দিনে নির্বাচনের কথা বলা হয়েছে। পরবর্তী ৯০ দিনের কথা তো আইনে নেই। সার্বিক বিষয়ে ইসির মতামতও নেওয়া হয়নি।
স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ইতোমধ্যে বলেছেন, ৯০ দিনে নির্বাচন করা সম্ভব না হলে পরবর্তী ৯০ দিনে নির্বাচন করা যাবে।
অবশ্য গত বুধবার স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের জানান, ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় সৃষ্টির কোনো অবকাশ নেই। এজন্যে আইন প্রণয়নসহ প্রয়োজনীয় সব পরিকল্পনা করা হয়েছে।
নির্বাচনের কাজ একটি প্রক্রিয়াগত বিষয় বলে মেয়াদ বা নির্বাচন কমিশনারদের পরিবর্তন কোনো বাধার সৃষ্টি করবে না বলে মনে করেন তিনি।
আগামী ৪ ফেব্র“য়ারি সিইসি এটিএম শামসুল হুদা ও নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবং ১৩ ফেব্র“য়ারি নির্বাচন এম সাখাওয়াত হোসেন মেয়াদ শেষ হচ্ছে।
৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হলে ফেব্র“য়ারিতেই নির্বাচন সম্পন্ন করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২৩৪০ ঘ.
bdnews24