২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের নামে ফোন বন্ধের নির্দেশনা

হয়রানি এবং প্রতারণা রোধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার সময় এখন থেকে সুনির্দিষ্ট নিয়ম মেনে তদন্ত করতে হবে দুর্নীতি দমন কমিশন কর্মকর্তাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2011, 03:11 PM

Updated : 24 Aug 2022, 05:22 PM

প্রদীপ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হয়রানি এবং প্রতারণা রোধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার সময় এখন থেকে সুনির্দিষ্ট নিয়ম মেনে তদন্ত করতে হবে দুর্নীতি দমন কমিশন কর্মকর্তাদের। ‘কোনো কোনো কর্মকর্তা নিজেদের ইচ্ছেমত নোটিশ দিচ্ছে’ উল্লেখ করে রোববার কমিশনের এক অভ্যন্তরীণ আদেশে বলা হয়, ঢালাওভাবে নয়, এখন থেকে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কিংবা সাক্ষীর বক্তব্য নেওয়ার জন্য সুনির্দিষ্ট করে আলাদা আলাদা নোটিশ দিতে হবে। স¤প্রতি কমিশনের নামে ফোন করে প্রতারণা করার কয়েকটি ঘটনার পর এই আদেশ দেওয়া হল। কমিশনের অনেক কর্মকর্তা-কর্মচারী এ ধরণের কয়েকটি ঘটনার সঙ্গে জড়িত বলে সন্দেহ পুলিশের। নিয়ম না মেনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও ওই আদেশে বলা হয়েছে। কমিশনার মোহাম্মদ সাহাবুদ্দিন চুপপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কে অভিযুক্ত এবং কে সাক্ষী; তা সুনির্দিষ্ট করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন থেকে নির্ধারিত ফরমে কোনো ব্যক্তিকে নোটিশ দিতে হবে।” তিনি বলেন, “অনেক সময় কমিশনের নোটিশের কথা শুনেই অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এটা যাতে না হয় সেজন্য কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।” নাম প্রকাশে অনিচ্ছুক কমিশনের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অফিস আদেশের পাশাপাশি মৌখিকভাবে বলে দেওয়া হয়েছে টেলিফোন বা মোবাইল ফোনে অভিযুক্ত বা সাক্ষীর সঙ্গে কোনো ধরনের যোগযোগ না করতে। তবে বিশেষ প্রয়োজন হলে অনুমতি সাপেক্ষে ফোন ব্যবহার করা যাবে।” “দুদকের নাম ব্যবহার করে ইতিমধ্যে অনেকের কাছ থেকে অর্থ আদায় করা হয়েছে। এসব ঘটনায় কমিশনের কোনো কোনো কর্মকর্তাও জড়িত,” বলেন তিনি। গত ৭ ডিসেম্বর পৃথক এক বিজ্ঞপ্তিতে কর্মকর্তা ও কর্মচারী পরিচয়ে চাঁদাবাজি হচ্ছে উল্লেখ করে এ বিষয়ে জনগণকে সতর্ক থাকতে বলে কমিশন। এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে থানায় জিডি করে তা কমিশনকে জানানোর আহ্বানও জানায় দুদক। বিজ্ঞপ্তিতে প্রতারণার কোনো ঘটনা ঘটলে তা ০২৯৩৫২৫৫২ অথবা ০১৭৩০৩০৩২০১ নম্বরে টেলিফোন করে দুদককে জানানোরও অনুরোধ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/কেকেআই/পিডি/২১০৬ ঘ.