ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত অবমাননার অভিযোগে বিমানের ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত এয়ার কমোডর মো. জাকিউল ইসলামকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছে হাইকোর্ট।
রোববার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন এই আদেশ দেন।
সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের মর্যাদা ক্ষুন্ন এবং কুৎসা রটনার অভিযোগে গত ৫ ডিসেম্বর তাকে তলব করা হয়েছিলো।
জাকিউল অব্যাহতি পেলেও একই অভিযোগে বিমানের ক্যাপ্টেন এনামুল হক, ফার্স্ট অফিসার আবেদ এবং ক্রু শবনমকে আগামী ৮ জানুয়ারি আবার হাইকোর্টে হাজির হতে হবে।
আদালত অবমাননার অভিযোগে কেন ব্যবস্থা নেওয়া হবে না, আবেদ ও শবনমকে সেদিন তা জানাতে হবে।
ক্যাপ্টেন দিনভর এবং অন্য দুই কর্মকর্তা দুপুরের পর থেকে হাইকোর্টের ওই বেঞ্চের কাঠগড়ায় করজোড়ে দাঁড়িয়ে থাকার পর আদালত এই আদেশ দেয়।
গত ২৮ অক্টোবর বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে হাইকোর্টের একজন বিচারপতির সঙ্গে অসৌজন্যমূলক আচরণ হয়।
এ ঘটনায় গত ৫ ডিসেম্বর অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন খানের দায়ের করা আদালত অবমাননার আবেদনে হাইকোর্ট বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও ক্যাপ্টেনকে তলব করার পাশাপাশি তাদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে।
আদেশে ২৮ অক্টোবরের এ ঘটনা নিয়ে পত্রিকার প্রতিবেদনকে ‘বিভ্রান্তিকর’ উল্লেখ করে আদালত ওই দিনের প্রকৃত ঘটনা জানিয়ে সাতটি পত্রিকায় বিজ্ঞাপন দিতে নির্দেশ দেয়। এই বিজ্ঞপ্তির প্রকাশের খরচ এনাম, আবেদ ও শবনমকে বহন করতে হবে বলেও আদেশে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৭৫৮ ঘ.
bdnews24