২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হুমকিতে’ নিয়োগ পরীক্ষা স্থগিত

হুমকির মুখে পটুয়াখালী সিভিল সার্জন অফিসে বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে বলে কর্তৃপক্ষ দাবি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2011, 12:39 PM

Updated : 24 Aug 2022, 05:22 PM

পটুয়াখালী, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হুমকির মুখে পটুয়াখালী সিভিল সার্জন অফিসে বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে বলে কর্তৃপক্ষ দাবি করেছে। রোববার বিকালে ৩য় ও ৪র্থ শ্রেণীর ৫৮টি পদে নিয়োগের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল বলে সিভিল সার্জন কার্যালয় জানায়। পটুয়াখালীর সিভিল সার্জন জিতেন্দ্র চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিয়োগ পরীক্ষা কমিটির আহ্বায়ক বরিশাল স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (স্বাস্থ্য) ডা. সৈয়দ খায়রুল আনাম এবং বোর্ড সদস্য সহকারী পরিচালক (প্রশাসন) ডা. খান মোশতাক আল মেহেদী শনিবার রাতে পটুয়াখালী আসছিলেন। পথে ৫০/৬০ জন সন্ত্রাসী তাদের আটকে লাঞ্ছিত করে। তাদের গাড়ি জ্বালিয়ে দেওয়ারও হুমকি দিলে লেবুখালী ফেরীঘাট থেকে তারা বরিশাল ফিরে যান বলে জানান জিতেন্দ্র রায়। সিভিল সার্জন আরো জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সরকারি দলের দু’জন নেতা দলবল নিয়ে তার অফিসে এসে লিখিত পরীক্ষা না নেওয়ার এবং তাদের পছন্দের লোক নিয়োগের জন্য চাপ দেন। তবে তিনি ওই নেতাদের নাম বলেননি। বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের কর্মকর্তাদের জানানো হয়েছে বলে জানান তিনি। জেলা প্রশাসক অমল মণ্ডল এবং পুলিশ সুপার মো. আজাদ মিয়া জানিয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ ও র‌্যাবকে নির্দেশ দেওয়া হয়েছে। নিয়োগ পরীক্ষা কমিটির আহবায়ক বরিশাল স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (স্বাস্থ্য) ডা. সৈয়দ খায়রুল আনামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান মোশারফ হোসেন নিয়োগ পরীক্ষার সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজ নিতে রাতে সিভিল সার্জন অফিসে যাওয়ার কথা স্বীকার করলেও পরীক্ষা বন্ধ কিংবা কাউকে হুমকি দেওয়ার কথা অস্বীকার করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮২৮ ঘ.