ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে খাদ্য ঘাটতি নেই উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেছেন, চলতি অর্থবছরে চাল আমদানি না করে বরং চিকন চাল বিদেশে রপ্তানি করা হবে।
রোববার রাজধানীতে এক কর্মশালায় খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, “আমরা আগে খাদ্য ঘাটতির দেশ ছিলাম। এখন তা কাটিয়ে উঠেছি। আমরা আগে শুধু চাল আমদানি করতাম, এখন আমরা রপ্তানি করছি। ইতোমধ্যে চিকন চাল রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে।”
দেশে এখন খাদ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে উল্লেখ করে রাজ্জাক জানান, এবার শুধু ১০ লাখ টন গম আমদানি করা হবে।
‘খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নীতি গবেষণা বিষয়ক’ কর্মশালায় খাদ্যমন্ত্রী বলেন, আগে বামপন্থী রাজনৈতিক দলগুলোর দাবি ছিল সাড়ে তিন কেজি চালের মূল্যে দিনের মজুরি নির্ধারণ করতে হবে। কিন্তু এখন গ্রামে-গঞ্জেও একজনের মজুরি ২৫০ টাকা। যা দিয়ে সাত থেকে আট কেজি চাল কেনা যায়। এতে তাদের সেই দাবি এখন কার্যকারিতা হারিয়েছে।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ‘খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট (এফপিএমইউ)’ এবং ‘ন্যাশনাল ফুড পলিসি ক্যাপাসিটি স্ট্রেনদেনিং প্রোগ্রাম (এনএফপিসিএসপি)’ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
দেশের উত্তরাঞ্চলে মঙ্গা এলাকার মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থাসহ নানান পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে রাজ্জাক বলেন, সরকারের উপযুক্ত পদক্ষেপের কারণে এখন আর সেখানে মঙ্গা নেই।
খাদ্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্য নিরাপত্তায় নিশ্চিত করতে পুষ্টিজাতীয় খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার জন্য গবেষণা কার্যক্রম চালিয়ে যেতে গবেষকদের প্রতি আহ্বান জানান রাজ্জাক।
খাদ্য বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল আউয়াল হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এফএও’র বাংলাদেশ প্রতিনিধি ডোমিনিক বার্গ ইউএসএআইডি’র মিশন পরিচালক রিচার্ড গ্রীন, এফপিএমইউ’র মহাপরিচালক নেছার ফরিদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৭৪৮ ঘ.
bdnews24