২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ-পশ্চিমে গ্যাস বিতরণ লাইন স্থাপনে এ মাসেই দরপত্র

এ পাইপলাইন নির্মাণ হলে প্রথমবারের মতো বৃহত্তর খুলনা অঞ্চলে শিল্পকারখানায় গ্যাস সংযোগ পাবে। আমিনূর রহমান রাসেল- এর প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2011, 06:38 AM

Updated : 24 Aug 2022, 05:22 PM

আমিনূর রহমান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঁচ জেলায় গ্যাস সরবরাহে বিতরণ লাইন নির্মাণে চলতি মাসেই দরপত্র আহ্বান করা হচ্ছে বলে জানিয়েছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চল গ্যাস বিতরণ প্রকল্পের পরিচালক এস এম রেজাউল ইসলাম। এ পাইপলাইন নির্মাণ হলে প্রথমবারের মতো বৃহত্তর খুলনা অঞ্চলের মানুষ গৃহস্থালি ও শিল্প-কলকারখানায় গ্যাসের সংযোগ পাবে। এডিবি এবং সরকারের অর্থায়নে ৮৪৫ কিলোমিটার জুড়ে দুই থেকে ২০ ইঞ্চি ব্যাসের এ পাইপ লাইন নির্মাণ হবে। এছাড়া ১০টি রেগুলেটরি মিটারিং স্টেশন স্থাপন করা হবে। এর মধ্যে কুষ্টিয়ায় দুটি, খুলনায় চারটি, যশোরে দুটি, ঝিনাইদহে একটি এবং বাগেরহাটে একটি হবে। পেট্রোবাংলার সহযোগী প্রতিষ্ঠান সুন্দরবন গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতায় এ প্রকল্পের কাজ চলছে। ২০০৯ সালের ২৩ নভেম্বর এ কোম্পানির যাত্রা শুরু হয়। বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান হোসেন মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বিতরণ লাইন নির্মাণ হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ উপকৃত হবে। তবে গ্যাস সঙ্কটের কারণে শুরুর দিকে গৃহস্থালিতে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে না, তবে শিল্প-কারখানায় সংযোগ দেওয়া হবে।” দেশে বর্তমানে দৈনিক ২৫০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে ২০০ কোটি ঘনফুট গ্যাস উৎপাদন হচ্ছে। সে হিসেবে ঘাটতি থাকছে ৫০ কোটি ঘনফুট। সরকারের পরিকল্পনা অনুযায়ী দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলায় পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের জন্য সুন্দরবন গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতায় এ প্রকল্পটি নেওয়া হয়েছে। তবে প্রাথমিকভাবে কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, খুলনা ও বাগেরহাট জেলায় গ্যাস সরবরাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান রেজাউল ইসলাম। আগামী বছরের শেষের দিকে এ বিতরণ লাইন নির্মাণ শেষ হবে বলে আশা করছেন প্রকল্প পরিচালক। বিতরণ লাইনে গ্যাস সরবরাহের জন্য ইতোমধ্যে সঞ্চালন লাইন নির্মাণের কাজ শুরু হয়েছে বলে জানান রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান। এজন্য ‘কন্সট্রাকশন অব ভেড়ামারা-খুলনা ২০ ইঞ্চি ডায়া গ্যাস ট্রান্সমিশন পাইপ লাইন’ প্রকল্পের আওতায় ১৬৩ কিলোমিটার সঞ্চালন লাইন স্থাপন করা হচ্ছে। এ প্রকল্প বাস্তবায়নে চারটি মিটারিং স্টেশন বসানো হচ্ছে। ৬৮৫ কোটি ২৯ লাখ টাকার এ প্রকল্পে শুধু সঞ্চালন লাইন নির্মাণে গত ২১ অক্টোবর ছয়টি দেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে জিটিসিএল। ২০০৯ সালের ২২ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) ৫৩০ কোটি টাকা ব্যয় ধরে দক্ষিণ-পশ্চিমাঞ্চল গ্যাস বিতরণ প্রকল্পটি অনুমোদিত হয়। এর মধ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ২৮০ কোটি এবং সরকার ২৫০ কোটি টাকা দেবে। একনেকে অনুমোদনের পর বিভিন্ন প্রক্রিয়া শেষে দরপত্র আহ্বানের জন্য এডিবির কাছে মতামত চেয়ে গত ১৪ অগাস্ট চিঠি দেওয়া হয় এবং গত সপ্তাহে এডিবি তাদের মতামত দিয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। রেজাউল ইসলাম বলেন, “কুষ্টিয়া জেলা থেকে এ পাইপলাইনের নির্মাণ কাজ শুরু হবে। সে হিসেবে এ অঞ্চলের মানুষ আগে গ্যাস সংযোগ পাবে।” বর্তমানে মিটারিং স্টেশন ও অফিস স্থাপনের জন্য জমি অধিগ্রহণের কাজ চলছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১২৩১ ঘ.