ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখে ভারতের বাঁধ নির্মাণ প্রকল্প নিয়ে বিরোধী দল বিএনপি এবং মহাজোট শরীক জাতীয় পার্টির সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “একজন [এইচএম এরশাদ] আজ লং মার্চ করছেন, অন্যজন বিপ্লব করছেন! ক্ষমতায় থাকলে উনি [খালেদা জিয়া] দেশের স্বার্থের কথা ভুলে যান, আর বিরোধী দলে গেলে তার সব মনে পড়ে।”
সাবেক রাষ্ট্রপতি এরশাদ দীর্ঘ নয় বছর এবং খালেদা জিয়া দুই মেয়াদে ১০ বছর ক্ষমতায় ছিলেন, তখন কেন তারা টিপাইমুখ বাঁধ নির্মাণ নিয়ে কোনো কথা বলেননি- প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী।
টিপাইমুখে বাঁধ ও জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য কয়েকটি রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে মণিপুর রাজ্য সরকারের বিনিয়োগ চুক্তির খবর গত ১৮ নভেম্বর প্রকাশ করে বিবিসি। এরপর থেকে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি দাবি করে আসছে ‘নতজানু’ পররাষ্ট্রনীতির কারণে সরকার এর প্রতিবাদ জানাচ্ছে না।
অন্যদিকে বাংলাদেশের সিলেট সংলগ্ন ভারতের মণিপুরের টিপাইমুখে বরাক নদীর ওপর বাঁধ নির্মাণ প্রকল্পের প্রতিবাদে শনিবার সিলেটের জকিগঞ্জ অভিমুখে লং মার্চ শুরু করেন মহাজোট শরীক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ।
টিপাইমুখ প্রকল্প নিয়ে সরকারের অবস্থানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “আমরা ভারতকে স্পষ্ট জানিয়ে দিয়েছি বাংলাদেশের ক্ষতি হয় এমন কিছু করতে দেওয়া হবে না। ভারত জানিয়েছে, বাংলাদেশের ক্ষতি হয় এমন কিছু তারা করবে না।”
তিনি বলেন, “ভারত বিদ্যুৎকেন্দ্র করার কথা জানিয়েছে। এখানে কাপ্তাই লেকের মতো বিদ্যুৎ উৎপাদনে যেমন পানি প্রবাহে ব্যাঘাত ঘটে না, তেমনি সেখানে বিদ্যুৎ উৎপাদন হলে পানি প্রবাহে কোনো ব্যাঘাত ঘটবে না বলে আশ্বাস দিয়েছে ভারত।
“কিন্তু আমরা সার্বক্ষণিক বিষয়টির ওপর নজরদারি করছি। ভারত সরকারের কাছে সব সময় তথ্য চাইব। প্রয়োজনে সার্ভে হলে তাতে প্রতিনিধি রাখার জন্যে বলবো।”
টিপাইমুখে বাঁধ প্রকল্প নিয়ে সরকার ও বিরোধী দলের চিঠি পেয়ে জবাবে দুপক্ষকেই ভারত সরকার ইতিমধ্যে বলেছে, বাংলাদেশের জন্য ক্ষতিকর হয় এমন কিছু টিপাইমুখ প্রকল্পে করা হবে না।
এদিকে পরিবেশ বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ভূমিকম্পপ্রবণ এলাকা টিপাইমুখে বাঁধ হলে যদি তা কখনো ভাঙে, তবে সিলেট অঞ্চল পানিতে তলিয়ে যাবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সংবাদ সম্মেলনে করেন তার সরকারি বাসভবন গণভবনে। মিায়ানমার ও ইন্দোনেশিয়া তার সদ্যসমাপ্ত পাঁচ দিনের সফরের বিভিন্ন দিক তুলে ধরতে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
‘ডিসিসি ভাগে খালেদা জিয়ার কী ক্ষতি?’
ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) ভাগ নিয়ে বিরোধী দলের হরতালের সমালোচনা করেন প্রধানমন্ত্রী।
বিরোধীদলীয় নেত্রীর কাছে তিনি প্রশ্ন রাখেন, “ডিসিসি দু’ভাগ হয়েছে বলে বিরোধীদলীয় নেত্রীর কী ক্ষতি হলো? এ নিয়ে এতো তার মায়াকান্না কেন? তিনি তো কখনো সিটি কর্পোরেশনে ভোট দিতে পারেননি। ভোটারও ছিলেন না। কেননা ক্যান্টনমেন্ট এলাকা ডিসিসির আওতায় নয়।”
রাজধানীবাসীর নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ডিসিসিকে দু’ভাগ করা হয়েছে বলে আবার উল্লেখ করেন শেখ হাসিনা।
খালেদা জিয়া বর্তমানে গুলশানের একটি বাড়িতে বসবাস করছেন। এর আগে গত বছরের ১২ নভেম্বর পর্যন্ত ঢাকা সেনানিবাসের একটি বাড়িতে থাকতেন তিনি। ১৯৮১ সালের ৩০ মে তৎকালীন রাষ্ট্রপতি ও খালেদার স্বামী জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউজে নিহত হওয়ার পর ওই বছরের ১২ জুন বাড়িটি বরাদ্দ দেওয়া হয় তাকে।
বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার পর বরাদ্দ বাতিল এবং এ নিয়ে নানা আইনী প্রক্রিয়া শেষে গত বছরের ১৩ নভেম্বর ওই বাড়ি ছাড়েন খালেদা জিয়া।
নির্বাচনে পরাজয়ের ভয়ে ডিসিসিকে দু’ভাগে বিভক্ত করা হয়েছে- বিএনপির এ দাবি নাকচ করে প্রধানমন্ত্রী বলেন, “১০টা হুন্ডা, ২০টা গুণ্ডা- নির্বাচন ঠাণ্ডা, সেই অবস্থা এখন দেশে নেই। দেশের মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার আমরা নিশ্চিত করেছি, জনগণ এখন স্বাধীন ও শান্তিপূর্ণভাবে তাদের ভোট দিয়ে পছন্দের প্রতিনিধি নির্বাচন করছে।”
ডিসিসি দুই ভাগের বিল সংসদে পাস হয় গত ২৯ নভেম্বর। এর আগেও প্রধানমন্ত্রী বলেছিলেন, বিপুল জনসংখ্যার রাজধানীতে নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে সিটি কর্পোরেশন ভাগ করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২২৫৫ ঘ.
bdnews24