গোপালগঞ্জ, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জ জেলা কারাগার এলাকা থেকে শুক্রবার রাতে ইয়াবাসহ এক কারারক্ষী ও তার আত্মীয়কে আটক করেছে পুলিশ।
এরা হলেন কারারক্ষী মো. খোরশেদুর রহমান (২৯) ও তার মামা শ্বশুর মো. আফজাল হায়দার মোল্লা (৩২)।
খোরশেদের বাড়ি রাজবাড়ীর ভালুদী এবং আফজালের বাড়ি জামালপুরের রশিদপুর গাদাখালিরপাড় গ্রামে।
এ ঘটনায় খোরশেদুরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে গোয়েন্দা পুলিশ জানিয়েছে।
গোয়েন্দা পুলিশের ওসি আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোয়েন্দা পুলিশের এ অভিযানে ওই দু’জনের কাছ থেকে ১৩২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
খোরশেদুরকে সাময়িক বরখাস্ত এবং এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
গত ২৬ নভেম্বর খোরশেদুর ঢাকা কেন্দ্রীয় কারগার থেকে গোপালগঞ্জ জেলা কারাগারে যোগদান করেন বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২০০ ঘ.
bdnews24