চট্টগ্রাম, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাড়ি ভাড়া বাড়ানোর প্রতিবাদে সমাবেশ করতে না পেরে চট্টগ্রাম ইপিজেড এলাকার কয়েক হাজার শ্রমিক বিমান বন্দর সড়ক সাড়ে ছয় ঘণ্টা অবরোধ করে রাখে।
শুক্রবার বিকাল ৩টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত অবরোধ চলে। সিইপিজেড মোড় এলাকায় অবস্থান নেওয়া শ্রমিকরা বিক্ষোভ করলেও কোনো ধরনের ভাংচুর হয়নি।
দাবি পূরণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে সাড়ে ৬ ঘণ্টা পর শ্রমিকরা রাস্তা ছাড়ে বলে চট্টগ্রামের শিল্প পুলিশের এএসপি রেজাউল মাসুদ জানান।
অবরোধের সময় সড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে শ্রমিকরা। অবরোধের সময়ে ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিলো।
শিল্প পুলিশের এএসপি রেজাউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি সংগঠন সিইপিজেড সংলগ্ন লেবার কলোনিতে দুপুর ২টায় বাড়ি ভাড়া বাড়ানোর প্রতিবাদে সমাবেশ করতে চেয়েছিলো। তবে পুলিশ তা করতে না দেওয়ার পর প্রায় ৫ হাজার শ্রমিক বিমান বন্দর সড়কে অবস্থান নেয়।
সমাবেশ করতে না দেওয়ার কারণ জানতে চাইলে রেজাউল বলেন, “ওই সংগঠনের কোনো নাম-ঠিকানা নেই। তারা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অ্যাক্ট অনুযায়ী সমাবেশের কোনো অনুমতিও নেয়নি।”
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (সিইপিজেড) কাছের লেবার কলোনি এলাকাতেই চট্টগ্রাম শিল্প পুলিশের কার্যালয়।
ইপিজেড মোড়ে অবস্থান নেওয়া শ্রমিকরা সন্ধ্যার পর মাইকে বক্তব্য দিতে শুরু করে। এসময় তারা বাড়ি ভাড়া না বাড়ানো, বেতন বাড়ানো, শনিবার সিইপিজেড বন্ধ রাখাসহ বিভিন্ন দাবি তুলে ধরে।
বন্দর থানার ওসি ওসি নুরুল আবছার ভুঁইয়া সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রমিকদের কোনো নেতা নেই। তাই তাদের সঙ্গে আলোচনা করা সম্ভব হচ্ছে না।
“পুলিশের পক্ষ থেকে স্থানীয় বাড়ির মালিক, জনপ্রতিনিধি, ভাড়াটিয়া, শ্রমিক ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে পরবর্তীতে সভা আয়োজনের প্রস্তাব দেওয়া হলেও এ বিষয়ে আলোচনা করতে শ্রমিকদের কোনো প্রতিনিধি পাওয়া যাচ্ছে না,” বলেন তিনি।
সমবেত শ্রমিকদের মধ্যে থেকে কেউ কেউ পুলিশের প্রস্তাবে রাজি হলেও অন্যরা বাধ সাধছেন বলে জানান ওসি।
সিইপিজেড ও আশেপাশের এলাকায় গত কয়েকদিন থেকে এ সমাবেশের পোস্টার লাগানো হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
সমাবেশের প্রচারপত্রে বলা হয়েছে- চট্টগ্রাম ইপিজেড এলাকায় অনিয়মভাবে বাসা ভাড়া বাড়ানোর প্রতিবাদে শ্রমিক-জনসমাবেশ। আয়োজক হিসেবে লেখা আছে- ‘ইপিজেড শ্রমিকবৃন্দ’।
প্রচারপত্রে আগামী জানুয়ারি থেকে রসিদের মাধ্যমে ভাড়া আদায়, কক্ষ প্রতি ভাড়া প্রদান ও বাৎসরিক ভাড়া বাড়ানোর ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুসরণসহ সাতটি দাবি উল্লেখ করা হয়েছে।
এএসপি রেজাউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অবরোধকারীরা ইপিজেড, বন্দর ও আশেপাশের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক।
তাদের দাবিকে যৌক্তিক বলে স্বীকার করে এই পুলিশ কর্মকর্তা বলেন, “শ্রমিকদের যে হারে বেতন বাড়ে, এ এলাকায় তার অনেক বেশি হারে বাড়ি ভাড়া বাড়ানো হয়।”
শ্রমিকরা শান্ত থাকলেও সম্ভাব্য যে কোনো ধরনের গোলযোগ এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে রেজাউল জানান।
গত বছরের ১১ ডিসেম্বর সিইপিজেড এর কোরীয় মালিকানাধীন একটি পোশাক কারখানায় বেতন বাড়ানোর ঘটনায় সৃষ্ট শ্রমিক অসন্তোষের জের ধরে পুলিশ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষে চার জন নিহত হয়েছিলো।
এক বছর পর ওই ঘটনার সঙ্গে শুক্রবারের বিক্ষোভের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না- জানতে চাইলে এএসপি রেজাউল বলেন, সমাবেশকারীরা নাম-পরিচয় প্রকাশ না করেনি। তাই এর পেছনে নাশকতার উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমআই/২১৩৮ ঘ.
bdnews24