ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে এক কেজি হেরোইন ও এক কেজি কোকেনসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার ঢাকার গাবতলী এবং মানিকগঞ্জের সিঙ্গাইর থানা এলাকায় আলাদা অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার সকালে মিরপুরে র্যাব-৪ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সাইফুল ইসলাম লিটন (২৯), সেলিম মিয়া (৩০), নাসির উদ্দিন (৪০), সেন্টু (২৫) ও রাজিব (২৫)।
সংবাদ সম্মেলনে র্যাব-৪ এর কর্মকর্তা ক্যাপ্টেন মো. তাহসিন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে গাবতলীর সোহাগ পরিবহনের একটি বাস থেকে এক কেজি হেরোইন উদ্ধার করা হয়। ওই সময় গ্রেপ্তার করা হয় বাসের সুপারভাইজার লিটন ও চালকের সহকারী সেলিম মিয়াকে।
তিনি বলেন, চট্টগ্রাম থেকে আসা সোহাগ পরিবহনের ওই বাসটিতে ৩৮ জন যাত্রী আসার কথা থাকলেও যাত্রী ছিলো ৩৭ জন। বাসের খালি আসনটিতে হেরোইনের ব্যাগটি ছিলো।
র্যাব কর্মকর্তা তাহসিন বলেন, “সুপারভাইজার ও চালকের সহকারী ওই হেরোইন আনার সঙ্গে জড়িত বিধায় আমরা তাদের গ্রেপ্তার করি।”
বৃহস্পতিবার বিকালে সিঙ্গাইরের বয়রা বাজারের অভিযান চালিয়ে এক কেজি কোকেনসহ নাসির, সেন্টু ও রাজিবকে গ্রেপ্তার করে র্যাব-৪ এর একই দল।
নাসির কোকেন বিক্রেতা ও বাকি দুজন ক্রেতা বলে জানান তাহসিন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কিউএইচ/এমআই/১৬৪১ ঘ.
bdnews24