২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের মুদ্রা পাচার: দুই পুলিশ কর্মকর্তার সাক্ষ্য

খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে মুদ্রা পাচার মামলায় বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দিয়েছেন পুলিশ কর্মকর্তা আলীমুজ্জামান এবং মামলার রেকর্ডিং কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার তৎকালীন ওসি হোসনে আরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2011, 10:50 AM

Updated : 24 Aug 2022, 05:20 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে মুদ্রা পাচার মামলায় বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দিয়েছেন পুলিশ কর্মকর্তা আলীমুজ্জামান এবং মামলার রেকর্ডিং কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার তৎকালীন ওসি হোসনে আরা। ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতে জবানবন্দি দেওয়ার পর তাদের জেরার জন্য আগামী বছরের ৩ জানুয়ারি তারিখ রেখেছেন বিচারক মো. মোজাম্মেল হোসেন। মামলায় তারেক রহমানের ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনও আসামি। তারেককে পলাতক দেখিয়ে মামলার বিচার চলছে। তার পক্ষে কেউ রাষ্ট্রপক্ষের কোনো সাক্ষীকে জেরা করার সুযোগ পাচ্ছেন না। মামুনের পক্ষে ব্যারিস্টার ফকরুল ইসলাম এবং অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া রাষ্ট্রক্ষের সাক্ষী আলীমুজ্জামানকে আগামী তারিখে জেরা করবেন। এ মামলায় ১৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআইয়ের কর্মকর্তা ডেবরা লাপ্রেভোট সাক্ষ্য দেন। ওইদিন জবানবন্দির পর তাকে জেরা না করেই আদালত বর্জন করে মামুনের আইনজীবীরা। তাদের অভিযোগ, ডেবরার সাক্ষ্য নেওয়ার ক্ষেত্রে আইন লঙ্ঘন করা হয়েছে। জবানবন্দিতে আলীমুজ্জামান বলেন, তিনি তারেক ও মামুনের বিরুদ্ধে গুলশান থানায় দায়ের করা অন্য একটি চাঁদাবাজি মামলার তদন্তের পর ওই মামলার প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে পাঠিয়ে দেন। ওই প্রতিবেদনকে ভিত্তি করে পরে মুদ্রা পাচারের এ মামলা হয়। মামলাটির তদন্তকালে এই সাক্ষী মহানগর গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি ময়মনসিংহের ধোবাউড়া থানার ওসি। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ নিয়ে এ মামলায় রাষ্ট্রপক্ষে ১৮ জনের মধ্যে চার জনের সাক্ষ্য নেওয়া হলো। সাক্ষ্যগ্রহণ চলাকালে মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তারেক বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৭ মার্চ তাকে গ্রেপ্তার করা হয়। সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে একই বছরের ১১ সেপ্টেম্বর তিনি চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান। চলতি বছর ৮ অগাস্ট অর্থ পাচার মামলায় অভিযোগ গঠনের পর তারেককে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমআই/১৬৪৭ ঘ.