২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিচার দ্রুত হয়েছে, এ টুকুই সান্ত্বনা’

সবাই বলবে, এটা অতি নগণ্য সাজা। জানি, প্রচলিত আইনে সীমাবদ্ধতা আছে- বললেন সন্তানতুল্য শিক্ষার্থী হারানো শিক্ষক জাফর সাদেক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2011, 09:41 AM

Updated : 24 Aug 2022, 05:20 PM

মিঠুন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক চট্টগ্রাম, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- “এতগুলো জীবনের বিনিময়ে এটুকু শাস্তি সন্তুষ্ট হওয়ার মতো নয়। তবে আসামি দ্রুত গতিতে দণ্ডের সম্মুখীন হয়েছে, এটাই সন্তুষ্টি”- মিরসরাইয়ে ট্রাক উল্টে স্কুলছাত্রসহ ৪৫ জনের মৃত্যুর ঘটনায় ট্রাকচালককে পাঁচ বছরের সাজার রায়ে এই প্রতিক্রিয়াই জানালেন মামলার বাদি কবির আহমদ নিজামী। মায়ানি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবির আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি তো প্রচলিত আইনেই এ ঘটনার বিচার চেয়েছি। আসলে প্রচলিত আইন একেবারেই দুর্বল।” গত ১১ জুলাই মিরসরাইয়ের বড়তাকিয়া-আবু তোরাব বাজার সংযোগ সড়কের সৈদালী এলাকায় স্কুল ছাত্রদের বহনকারী একটি ট্রাক উল্টে রাস্তার পাশে ডোবায় পড়ে গেলে ৩৯ জন নিহত হয়। পরে চট্টগ্রাম ও ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আরো ছয় জনের মৃত্যু হয়। ওই ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা হলে বৃহস্পতিবার আদালত চালক মফিজ উদ্দিনকে দুটি ধারায় মোট ৫ বছর কারাদণ্ড দেয়। দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিক্ষার্থীরা জানান, দুর্ঘটনার সময় মফিজ মোবাইল ফোনে কথা বলছিলেন। রায়ের প্রতিক্রিয় জানতে চাইলে দুর্ঘটনায় নিহত আবু তোরাব বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তোফাজ্জল হোসেনের বাবা জহির উদ্দিন আইনের ‘দুর্বলতা’ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “আমি জানতাম ড্রাইভারদের পাঁচ থেকে সাত বছরের বেশি সাজা হবে না।” প্রচলিত আইন সংস্কারের বিষয়ে তিনি বলেন, “দেশের অনেক লোক এ দাবিতে অন্দোলন সংগ্রাম করে জুতার মালা খেয়েছেন। ইলিয়াস কাঞ্চনকে যে সভায় জুতার মালা (প্রতীকী) দেওয়া হয়, সেখানে মন্ত্রী শাজাহান খানও উপস্থিত ছিলেন। উনি তো সরকারেরই অংশ। আমার মতো সাধারণ লোক আর দাবি করে কী হবে?” আক্ষেপ ছিলো আবু তোরাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর সাদিকের কথাতেও। নিজের সন্তানতুল্য শিক্ষার্থীদের হারিয়ে ঘটনার পর কয়েকদিন শুধুই কেঁদেছিলেন এ শিক্ষক। জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ দুর্ঘটনায় সারা দেশ মর্মাহত হয়েছিলো। সবাই বলবে, এটা অতি নগণ্য সাজা। জানি, প্রচলিত আইনে সীমাবদ্ধতা আছে।” আইন কঠোর করার দাবি জানান তিনি। তবে বিচার দ্রুত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন জাফর। কঠোর আইন হলে আইনের প্রতি মানুষ শ্রদ্ধাশীল হবে বলে মনে করেন সন্তান হারানো মো. আবু রিদোয়ান। দুর্ঘটনায় নিহত আবু তোরাব উচ্চ বিধ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র আবু সুফিয়ান সুজনের বাবা রিদোয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা শোকার্ত, সর্বহারা। চালকের ফাঁসি হলেও আমার ক্ষতি পূরণ হবে না।” “তবে দ্রুত বিচার হওয়ায় আমি সন্তুষ্ট। জানি, আরো বেশি শাস্তি দাবি করলেও প্রচলিত আইনে তা হবে না। ভবিষ্যতের জন্য আরো কঠোর আইন হওয়া উচিত,” বলেন তিনি। সেদিন আবু তোরাব এলাকার তিনটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিরসরাই স্টেডিয়াম থেকে খেলা দেখে ট্রাকে করে বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার চার মাসের মধ্যে মামলার অভিযোগ গঠন ও সাক্ষ্য গ্রহণ শেষ করে রায় দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমআই/১৫৩৩ ঘ.