পিরোজপুর, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুরের মঠবাড়িয়ায় বাঘের চামড়াসহ কঙ্কাল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে এক জনকে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে পৌর এলাকার সাকুরা বাস কাউন্টারের সামনে থেকে চামড়াসহ নবী হোসেনকে (৪৫) গ্রেপ্তার করা হয়। তিনি বাগেরহাটের শরণখোলা উপজেলার চর রায়েন্দা গ্রামের প্রয়াত মোতাহার হোসেনের ছেলে।
মঠবাড়িয়া থানার ওসি শেখ মো. জাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উদ্ধার হওয়া সাত ফুট দৈর্ঘ্য ও আড়াই ফুট প্রস্থের চামড়াটি অনেক মূল্যবান। চামড়াসহ কঙ্কাল ঢাকায় নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিলো।
নবী হোসেনের স্বীকারোক্তি অনুযায়ী পরে উপজেলার বাবুবাজার গ্রামের মোসলেম গাজীর উঠানের নিচে পুঁতে রাখা বাঘের মাথা ও কঙ্কাল উদ্ধার করা হয়। নবীর গ্রেপ্তারের পর থেকে মোসলেম ও তার পরিবার পলাতক।
ওসি জানান, সুন্দরবনে প্রাণী হত্যা করে পাচার করার কারণে এর আগেও নবী হোসেন গ্রেপ্তার হয়েছে। তার বিরুদ্ধে বাগেরহাট ও শরণখোলা থানায় একাধিক মামলা রয়েছে।
বাঘের চামড়া ও কঙ্কাল উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে।
নবী হোসেন সাংবাদিকদের জানান, বাবুবাজারের দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি চামড়াটি তাকে ঢাকার বাংলাবাজারে পৌঁছে দেওয়ার জন্য দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭৩৮ ঘ.
bdnews24