যশোর, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বহুল আলোচিত যশোর উদীচী বোমা হামলা মামলার পলাতক আসামি শরীফুল ইসলাম মিন্টাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় শহরের শংকরপুর চোপদার পাড়া থেকে পুলিশ মিন্টাকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি আশরাফ হোসেন।
মিন্টা শহরের শংকরপুরের চোপদারপাড়ার হাসেম আলীর ছেলে।
১৯৯৯ সালের ৬ মার্চ রাতে যশোর শহরের টাউন হল মাঠে উদীচীর অনুষ্ঠানে বোমা হামলায় ঘটনাস্থলেই ১১ জন নিহত হয়।
কোতোয়ালি থানার এসআই আব্দুল আজিজ হত্যা ও বোমা বিস্ফোরণ ঘটনায় দু’টি মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই লুৎফর রহমান ওই বছরের ১৪ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেন। তবে, মামলার তদন্ত সঠিক হয়নি বলে নারাজি আবেদন করে উদীচী।
পরে আদালত মামলাটি তদন্ত করতে সিআইডি পুলিশকে নির্দেশ দিলে ২৩ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয় সিআইডি।
এই মামলার ২৩ জন আসামির মধ্যে ১৭ জন আসামি জামিনে রয়েছেন।
মৃত্যু হওয়ায় তিন আসামিকে অব্যাহতি দেয় আদালত। এদের দুজন আহসান কবির হাসান ও মিজানুর রহমান র্যাবের ‘ক্রসফায়ারে’ নিহত হন। অন্য আসামি আলমগীর হৃদরোগে মারা যান।
শরিফুল ইসলাম মিন্টাকে পুলিশ গ্রেপ্তার করার পর আরো দুই আসামি পলাতক রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/২২৪০ ঘ.
bdnews24