ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ বছর রোকেয়া পদকের জন্য মনোনীত বেগম মেহেরুন্নেসা খাতুন ও অধ্যাপিকা হামিদা খানমের পদক দেবেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান।
আগামী ৯ ডিসেম্বর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক দেওয়া হবে বলে বুধবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সভায় ৩২টি মনোনয়ন যাচাই-বাছাই করে সাবেক প্রাদেশিক পরিষদের সদস্য প্রয়াত মেহেরুন্নেসা খাতুন ও অধ্যাপক হামিদা খানমকে মনোনীত করা হয়।
নারী শিক্ষা, সাংস্কৃতিক ও সামাজিক বিভিন্ন কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের এই সম্মাননা দেওয়া হচ্ছে। পদক প্রাপ্তদের এককালীন ১ লাখ টাকা এবং স্বর্ণপদক দেওয়া হবে।
বাংলার মুসলিম নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন স্মরণে প্রতি বছর রোকেয়া পদক দেওয়া হয়।
মেহেরুন্নেসা খাতুন ১৯২২ সালের ২৩ ডিসেম্বর নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি নেন তিনি। তিনি ১৯৫৪ সালে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন।
মেহেরুন্নেসা ১৯৬১ সালে খাদ্য কাউন্সিলের সদস্য এবং ১৯৬২ সালে হাইকোর্ট বার অ্যাসোসিয়েনের সদস্য হন। তিনি ১৯৭৩-১৯৭৬ সময়কালে বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন।
তিনি ১৯৮১-১৯৮৩ সালে ঢাকা মহিলা সমিতির আজীবন সদস্য এবং লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ছিলেন মেহেরুন্নেসা। ১৯৭৬-১৯৮২ সালে বাংলাদেশ শিশু কল্যাণ সমিতিরি সহ-সভাপতি, চেশিয়ার ফাউন্ডেশন হোম’র প্রতিষ্ঠাতা সদস্য এবং ১৯৭২-১৯৮৬ সালে বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের যুগ্ম-সচিব ছিলেন।
অধ্যাপক হামিদা খানম ১৯২৩ সালের ২ জানুয়ারি রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪৯ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় হতে দর্শনে বিএ এবং ১৯৫৩ সালে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় হতে উচ্চ শিক্ষা নেন। তিনি ১৯৪৫ সালে কলকাতা লেডী ব্রাবোর্ন কলেজে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন।
১৯৪৯ সালে অধ্যাপক হিসেবে ঢাকা ইডেন কলেজে যোগ দিয়ে পরবর্তীকালে একই কলেজে সহকারী অধ্যাপিকা নিযুক্ত হন হামিদা। ১৯৫৯ সালে ঢাকা গার্হস্থ্য অর্থনীতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষা হিসাবে যোগ দেন তিনি।
হামিদা ১৯৮০-১৯৮২ সময়কালে নারী পুনর্বাসন ও কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ছিলেন। ‘ঝরা বকুলের গন্ধ’ হামিদা খানমের লেখা আতœজীবনীমূলক গ্রন্থ।
রোকেয়া দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে বাংলা একাডেমীর সেমিনার কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমএমআর/এমআই/২২০৫ ঘ.
bdnews24