২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রেলে সময়ানুবর্তিতা আনাই প্রথম চ্যালেঞ্জ’

সময়মতো ট্রেন ছাড়া ও গন্তব্যে পৌঁছানোর বিষয়টিকেই প্রথম চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নতুন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2011, 09:43 AM

Updated : 24 Aug 2022, 05:20 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সময়মতো ট্রেন ছাড়া ও গন্তব্যে পৌঁছানোর বিষয়টিকেই প্রথম চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নতুন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। বুধবার নিজের দপ্তরে যোগ দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, “এটা ভাবাবেগের সময় নয়, রেল মন্ত্রণালয় নতুন, ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দারের মতো অবস্থা।” নবগঠিত এ মন্ত্রণালয়ে মন্ত্রীর বসার জায়গা হয়েছে রেল সচিবের আগের কক্ষে। সকালে ওই কক্ষের দড়জায় মন্ত্রীর নামফলক দেখা যায়। সুরঞ্জিত হাসতে হাসতে সাংবাদিকদের বলেন, “কার্যালয় না থাকায় রেল সচিবের রুম দখল করেছি।” স্বাধীনতার পর অধিকাংশ সংসদে প্রতিনিধিত্বকারী সুরঞ্জিত এই প্রথম মন্ত্রী হলেন। শপথ নেওয়ার ছয় দিন পর সোমবার দপ্তর পান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য। বেলা সোয়া ১২টায় মন্ত্রণালয়ে আসার পর কর্মকর্তা-কর্মচারীররা ফুল দিয়ে তাকে বরণ করে নেয়। রেল খাতকে লাভজনক করার অঙ্গীকার জানিয়ে সুরঞ্জিত বলেন, “লোকসান কেউ ভালবাসে না, রেলকে লাভজনক করতে হবে; রেলেও যেটুকু অবস্থা রয়েছে তা আগে গতিশীল করতে হবে।” এক্ষেত্রে জরুরি, মধ্যবর্তী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের পাশাপাশি মন্ত্রণায়কে ঢেলে সাজানোর কথা জানান তিনি। ‘জাতীয় ও আন্তজার্তিক ষড়যন্ত্রের’ মাধ্যমে রেলওয়েকে নষ্ট করে দেওয়া হয়েছে মন্তব্য করে মন্ত্রী বলেন, “রেলের প্রাণ সঞ্চার করতে হবে। এটি একটি সার্ভিস ওরিয়েন্টেড কাজ, তাই কর্মচারী ও কর্মকর্তাদের প্রতিটি ক্ষণ কাজ করতে হবে।” সরকারের মেয়াদ আর দুই বছর থাকলেও রেল খাতের উন্নয়নে আত্মবিশ্বাস ঝরলো নতুন মন্ত্রীর কণ্ঠে। “দুই বছরের মধ্যে কতটুকু করা যাবে তা নিয়ে হতাশ নই। কিছুই করা যাবে না তাও নয়।” কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে সুরঞ্জিত বলেন, “মনে রাখতে হবে, আপনারা কোনো বিভাগের নয়; আপনারা এখন মন্ত্রণালয়ের কর্মী।” রেলের কোনো বিকল্প নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, রেল যতো আধুনিক হবে, অর্থনীতিও ততো গতিশীল হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/জেকে/১৫৩৫ ঘ.