ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্টারনেটে উস্কানিমূলক বিষয় নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে এ সংক্রান্ত নীতিমালা করবে ভারত।
কেন্দ্রীয় সরকারের টেলিযোগাযোগমন্ত্রী কপিল সিবাল মঙ্গলবার নয়া দিল্লিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
সোমবার গুগল, ফেইসবুক, টুইটারসহ ইন্টারনেটে সামাজিক যোগাযোগের বিভিন্ন ওয়েবসাইটের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার পরদিন সরকারের সিদ্ধান্ত জানান কপিল সিবাল।
আপত্তিকর বিষয়গুলো অনলাইনে যাতে না যেতে পারে সেজন্য সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোর প্রতিনিধিদের অপরাগতায় দুঃখ প্রকাশ করেন টেলিযোগাযোগমন্ত্রী।
তিনি বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ধীর গতিতে সাড়া দেওয়ার জন্য এখন আমরা নিজেরাই সামাজিক যোগাযোগ সাইটে প্রকাশিত বিষয়গুলো নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছি।
“এই সরকার ‘সেন্সরশিপ’ চায় না। তবে আমরা কাউকে দেশের মানুষের ধর্মীয় অনুভূতি নিয়ে খেলতে দেবো না।”
স¤প্রতি সামাজিক যোগাযোগের সাইটে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও ক্ষমতাসীন দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর বিকৃত ছবি প্রকাশের পর এ নিয়ে সরকার ক্ষুদ্ধ হয়ে ওঠে।
এ সময় ফেইসবুক পৃষ্ঠায় প্রকাশিত সোনিয়া গান্ধীসহ ভারতের বেশ কয়েকজন ঊর্ধ্বতন রাজনীতিকের আপত্তিকর ছবি সাংবাদিকদের সামনে তুলে ধরেন মন্ত্রী।
কপিল বলেন, “অল্প কয়েক মাস আগে আমরা জানতে পেরেছি যে, গুগল, ফেইসবুক, টুইটারের মতো কয়েকটি সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে খুবই আপত্তিকর বক্তব্য ও ছবি পোস্ট করা হয়েছে। এগুলো এখানে বসবাসরত বিভিন্ন জনগোষ্ঠীর সদস্যদের ধর্মীয় অনুভূতিতে কী আঘাত হানতে পারে তা তারা বিবেচনা করেনি।”
সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে সেন্সরশিপ চালানোর কোনো লক্ষ্য নেই জানিয়ে সিবাল বলেন, “ভারতের অধিবাসীদের মূল্যবোধ সম্পর্কে ইন্টারনেট কোম্পানিগুলোর সংবেদনশীল হওয়া উচিত এবং এ সমস্যার সমাধান বের করার দায়িত্ব তাদেরই।”
এ ধরনের উস্কানিমূলক বিষয় নিয়ন্ত্রণের জন্য কোনো নির্দেশনা বা পদ্ধতি মেনে চলতে বলা হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, “গত ১৫ সেপ্টেম্বর আমি ইন্টারনেট কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছিলাম এবং তাদের প্রতি এমন একটি পদ্ধতি নিশ্চিত করতে আহ্বান জানিয়েছিলাম যাতে এ ধরনের বিষয় ওয়েবসাইটগুলোতে না যেতে পারে- উস্কানিমূলক ও বিভিন্ন জনগোষ্ঠীর অনুভূতি নিয়ে কাণ্ডজ্ঞানহীন যেসব মন্তব্য ও ছবি গিয়েছিলো সেগুলোর মতো। আমরা তাদের বলেছিলাম, আপনাদের প্রকাশিত কিছু বিষয় অবমাননাকর ও অশ্লীল এবং তারা আমাদের সঙ্গে একমত হয়েছে।
“অবশ্য তাদের যে সময় বেঁধে দেওয়া হয়েছিলো তার মধ্যে তারা কোনো ব্যবস্থা নেয়নি। তাই আমরা বিষয়টি তাদের আবারো মনে করিয়ে দিয়েছি”, যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২২০৭ ঘ.
bdnews24