ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুকের দাবিতে স্বামীর নির্যাতন সইতে না পেরে রাজধানীর কাফরুলে এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহতের নাম জাহানারা বেগম (৩৪)।
নিহতের স্বামী রেজাউল করিম ঘটনার পর পলাতক রয়েছেন বলে জানায় পুলিশ।
পুলিশ মঙ্গলবার দুপুরে উত্তর ইব্রাহিমপুরের এক টিনশেড বাসা থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।
জাহানারার ছোট ভাই মো. দিদার ঢামেক মর্গে সাংবাদিকদের জানান, ১৫ বছর আগে তাদের বিয়ে হয়। তারপর থেকে যৌতুকের জন্য বিভিন্ন ভাবে নির্যাতন করতো।
তিনি বলেন, “মঙ্গলবার সকালেও তাদের মধ্যে ঝগড়া হয় এবং ঝগড়ার ফাঁকে জাহানার ঘরে ঢুকে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।”
যৌতুকের জন্য নির্যাতন করায় তার বোন আত্মহত্যা করতে বাধ্য হয় বলে দাবি করেন তিনি।
নিহতের রায়হান (১১) ও লামিয়া (৬) নামে দুটি সন্তান রয়েছে।
কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যাই মনে হচ্ছে। তবে যৌতুকের জন্য জাহানারাকে প্রায়ই মারধর করতো বলে স্বজনরা অভিযোগ করেছেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২২০০ ঘ.
bdnews24