ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচনে দল ও গোষ্ঠীর নির্বাচন বর্জনের সুযোগ নেই।
সোমবার নিজ কার্যালয়ে বিএনপি’র কুমিল্লা নির্বাচন বর্জন ঘোষণা নিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
কুমিল্লার সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েন না করা এবং ইভিএম ব্যবহারের সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন বর্জনের আনুষ্ঠানিক ঘোষণা দেয় স্থানীয় বিএনপি।
এ বিষয়ে সাখাওয়াত হোসেন বলেন, “সিটি কর্পোরেশন স্থানীয় সরকারের একটি নিদর্লীয় নির্বাচন। এতে কোনো দল বা গোষ্ঠীর নির্বাচন বর্জনের কিছুই নেই।”
সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ভোটারদের জন্য নির্বিঘœ পরিবেশ তৈরিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
কুমিল্লা নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ১২ ডিম্বের বৈঠকে বসছে ইসি।
সাখাওয়াত বলেন, “স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়া না হওয়া ব্যক্তিগত বিষয়। এক্ষেত্রে কেউ প্রভাবিত করলে বা দলীয়ভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
নির্বাচন প্রতিহত বা বানচালে কোনো ধরনের অপচেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নির্বাচনী আইনে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
কুমিল্লায় সম্পূর্ণ সিটি করপোরেশনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হচ্ছে ৫ জানুয়ারি।
১৪ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় রয়েছে।
নাগরিক কমিটির ব্যানারে বিএনপি নেতা সাবেক কুমিল্লা পৌর মেয়র মনিরুল হক সাক্কুসহ মেয়র পদে ১০ জন, সংরক্ষিত ৯ মহিলা কাউন্সিলর পদে ৭০ জন ও ২৭টি সাধারণ কাউন্সিলর পদে ২৪২ জন মনোনয়নপত্র জমা দেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের সমর্থিত প্রার্থীর নামও ঘোষণা দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/০০০৬ ঘ.
bdnews24