২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খোকার সফল অস্ত্রোপচার

ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বাম পায়ের উরুতে সফল অস্ত্রোপচার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2011, 04:40 PM

Updated : 24 Aug 2022, 05:19 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বাম পায়ের উরুতে সফল অস্ত্রোপচার হয়েছে। সোমবার সকালে এই অস্ত্রোপচার হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রাতে জানান তার সহকারী মনিরুল ইসলাম খান। তিনি বলেন, “স্যারের অবস্থা এখন উন্নতির দিকে। সকালে তার সফল অস্ত্রোপচার হয়েছে।” শল্য চিকিৎসক আবু সাঈদ এম এম রহমানের তত্ত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছেন সাবেক মেয়র খোকা। সোমবার জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, সাংসদ রাশেদ খান মেনন, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বঙ্গবীর কাদের সিদ্দিকী, অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ, শাহজাহান ওমর, সাবিহ উদ্দিন আহমেদ, প্রবীণ সাংবাদিক এ বি এম মূসা, শফিক রেহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা সাদেক হোসেন খোকাকে দেখতে হাসপাতালে যান। ঢাকা সিটি কর্পোরেশন বিভক্তির প্রতিবাদে রোববার বিএনপির ডাকা হরতালের সময় পুরান ঢাকায় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে দুপুরে পুলিশের সংঘর্ষের পর সেখান থেকে সাবেক মেয়র সাদেক হোসেন খোকাকে ভ্যানে করে বাসায় পৌঁছে দেয় পুলিশ। এরপর তিনি ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। তখন বিএনপি নেতারা বলেছিলেন, ‘ছাত্রলীগকর্মীদের ছোড়া ইটে’ আঘাত পান খোকা। তবে বিকেলে এক সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগে সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করেছে।” পুলিশ বিষয়টি অস্বীকার করে বলে, ভ্যানে ওঠানোর সময় বা সংঘর্ষের চলাকালীন ছোড়া ইট-পাটকেলে তিনি আঘাত পেয়ে থাকতে পারেন। হাসপাতালের চিকিৎসককে খোকা নিজেও বলতে পারেনি তিনি কীভাবে আঘাত পান। অখণ্ড ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করতে সংসদে বিল পাশ হয় গত ২৯ নভেম্বর। গত ১ ডিসেম্বর রাষ্ট্রপতি বিলে সই করার পর সেটি আইনে পরিণত হয়। ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ নামে বিভক্ত দুই সিটি কর্পোরেশনে বর্তমানে দুজন প্রশাসক দায়িত্ব পালন করছেন। এ দুই কর্পোরেশনে ৯০ দিনের মধ্যে মেয়র নির্বাচন হওয়ার কথা। নয় বছর ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র পদে থাকা সাদেক হোসেন খোকা বিএনপির ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২২৩৫ ঘ.