ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসীদের হুমকিতে বাড়িছাড়া খুলনার পাইকগাছা থেকে প্রকাশিত পাক্ষিক ‘গণমিছিল’ পত্রিকার সম্পাদক এফ এম এ রাজ্জাককে নিরাপত্তা দিয়ে এলাকায় ফিরিয়ে নিতে পুলিশকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
এক রিট আবেদনে সোমবার হাইকোর্টের বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়।
খুলনার জেলা পুলিশ সুপার ও পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতি দেওয়া এই নির্দেশনা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাস্তবায়ন করতে বলা হয়। একই সঙ্গে সাত দিনের মধ্যে এ সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন হলফনামা আকারে আদালতে জমা দিতে বলা হয়েছে।
আদালত একই সঙ্গে রাজ্জাকের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ব্যর্থতাকে কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে।
স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, খুলনার জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার এবং পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দুই সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
ওই সাংবাদিককে নির্যাতনে কারা জড়িত তা উদ্ঘাটনে পুলিশ ছাড়া অন্য কোনো সংস্থা দিয়ে তদন্ত করতে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।
এই প্রতিবেদন চার সপ্তাহের মধ্যে আদালতে দেওয়ার কথাও আদেশে বলা হয়।
‘পুলিশের সাজানো নাটকের কাছে অসহায় মহসীন’ শিরোনামে এক প্রতিবেদন প্রকাশ করায় সন্ত্রাসীরা গত ২৯ এপ্রিল পুলিশের উপস্থিতিতে এফ এম রাজ্জাক ও তার ভাইকে নির্যাতন এবং পরে রাজ্জাককে হুমকি দিয়ে এলাকাছাড়া করে স্থানীয় সন্ত্রাসীরা- এ কথা উল্লেখ করে আইনগত সহায়তা চেয়ে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশে আবেদন করেন রাজ্জাক।
মানবাধিকার সংস্থাটি সকালে তার পক্ষে হাই কোর্টে রিট দায়ের করে। আদালত প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি ও আদেশ দেয়।
আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ এবং সরকারপক্ষে ছিলেন ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এসইউ/১৯১১ ঘ.
bdnews24