২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাইব্যুনালে আরো ৬ আবেদন সাকার

দুটি আবেদন খারিজ হলেও যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম সরাসরি দেখানোসহ নতুন ছয়টি আবেদন করেছেন সালাউদ্দিন কাদের চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2011, 09:52 AM

Updated : 24 Aug 2022, 05:19 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুটি আবেদন খারিজ হলেও যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম সরাসরি দেখানোসহ নতুন ছয়টি আবেদন করেছেন সালাউদ্দিন কাদের চৌধুরী। নতুন আবেদনগুলোর শুনানির জন্য আগামী ১২ ডিসেম্বর দিন ঠিক করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার এর আগে ট্রাইব্যুনালের বৈধতা নিয়ে বিএনপির এ নেতার আবেদন খারিজ করে দেওয়া হয়। এ আবেদনের শুনানিতে সালাউদ্দিন কাদের বলেন, এ ট্রাইব্যুনাল সংবিধান লঙ্ঘন করে গঠিত হয়েছে। এ আদালতে উপস্থিত করার মাধ্যমে তাকেও ‘অপরাধের’ অংশীদার করা হচ্ছে। ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি নিজামুল হক এ আবেদন খারিজ করে বলেন, এ সব বিষয় ইতোমধ্যে নিষ্পত্তি করা হয়েছে। কাঠগড়ায় থাকা এ সংসদ সদস্যকে আইন এবং আইনের ব্যাখ্যাও দেন তিনি। সালাউদ্দিন কাদের তার অনুপস্থিতে অভিযোগ আমলে নেওয়ার যে আবেদন করেছেন, তার খারিজ করে ট্রাইব্যুনাল বলেছে, আনুষ্ঠানিক শুনানির সময় এ বিষয়ে অভিযুক্ত বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন। সোমবার ট্রাইব্যুনালের কার্যক্রমের শুরুতেই নতুন ছয়টি আবেদন করেন সালাউদ্দিন কাদের। ট্রাইব্যুনালের প্রসিকিউটররা বলে আসছেন, বিএনপি নেতা সময়ক্ষেপনের জন্য বিভিন্ন কৌশলের আশ্রয় নিচ্ছেন। সালাউদ্দিনের আবেদনগুলোর একটিতে বলা হয়, রাষ্ট্র হিসেবে বাংলাদেশ স্বাক্ষরিত আন্তর্জাতিক দুটি নির্দিষ্ট আইনের অধীনে তার পক্ষের আইনজীবীদের প্রস্তুতির জন্য ১১ মাস সময় দিতে হবে। আরেকটি আবেদনে মানবতাবিরোধী অপরাধের আরো বিস্তারিত সংজ্ঞা চেয়েছেন একাত্তরে খুন, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক সালাউদ্দিন কাদের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে ২০১০ সালের ২৬ জুলাই যুদ্ধাপরাধের মামলা হয়। ১৫ ডিসেম্বর রাতে অন্য মামলায় গ্রেপ্তারের পর ১৯ ডিসেম্বর তাকে যুদ্ধাপরাধের অভিযোগেও আটক দেখানো হয়। এদিকে জামায়াতে ইসলামীর চার নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আগামী ১১ ডিসেম্বর দাখিল করতে বলা হয়েছে। সোমবার অভিযোগ দাখিলের সময় পার হয়ে যাওয়ার পর ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু বলেন, এখনো কিছু কাজ বাকি আছে। জামায়াতের ওই চার নেতা আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং সহকারি সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লাকে এদিন আদালতে হাজির করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/কিউএইচ/এমআই/১৫৪৬ ঘ.