চাঁপাইনবাবগঞ্জ, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একই সময়ে একই স্থানে স্কুল ব্যবস্থাপনা কমিটির দুই পক্ষ সমাবেশ ডাকায় চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১৪৪ ধারা জারি করে সভা-সমাবেশ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।
নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় ও এর আশপাশে সোমবার সকাল থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফিয়া আকতারুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির দুই পক্ষ সোমবার দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে সমাবেশ ডাকে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
তিনি জানান, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও নাচোল পৌর মেয়র আব্দুল মালেক চৌধুরী গত ৪ অক্টোবর প্রধান শিক্ষক নিয়োগের জন্য লিখিত পরীক্ষার নেওয়ার উদ্যোগ নেন।
এর নিয়োগ পরীক্ষার বিরুদ্ধে ব্যবস্থাপনা কমিটির সদস্য মনিরুল ইসলাম, ওমর ফারুক, পারুল বেগম ও মসিদুল হক জেলা সহকারী জজ আদালতে একটি মামলা করেন।
ইউএনও জানান, আদালত ওই দিনই ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে ৭ কার্য দিবসের মধ্যে কারণ দর্শাতে বলে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপিত আব্দুল মালেক চৌধুরী জানান, কারণ দর্শানোর পর আদালত তার পক্ষে রায় দিয়েছে। বিরোধী পক্ষ এই নিয়োগের ওপর স্থগিতাদেশ চাইলেও আদালত তা নাকচ করে দেয়। এ কারণেই গত ২৭ অক্টোবর মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রধান শিক্ষক হিসেবে মনোরঞ্জন দাসকে নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি বলেন, বিরোধী পক্ষ আদালতে হেরে গিয়ে প্রতিহিংসাবশত এ ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে।
অন্য পক্ষের মসিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সভাপতি অন্য সব সদস্যের মতামত উপেক্ষা করে নিজের ইচ্ছামতো প্রধান শিক্ষক নিয়োগ দিয়েছেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯৩৪ ঘ.
bdnews24