২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারেডের পর হৃদরোগে পুলিশ কর্মকর্তার মৃত্যু

নগরীর হালিশহর জেলা পুলিশ লাইনে প্যারেডে অংশগ্রহণের পর হৃদরোগে আক্রান্ত হয়ে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2011, 12:38 PM

Updated : 24 Aug 2022, 05:19 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর হালিশহর জেলা পুলিশ লাইনে প্যারেডে অংশগ্রহণের পর হৃদরোগে আক্রান্ত হয়ে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শাজাহান (৩৯) আনোয়ারা থানায় কর্মরত ছিলেন। তিনি কুমিল্লার জেলার বুড়িচং উপজেলার বাসিন্দা। আনোয়ারা থানার ওসি শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্যারেড শেষে অস্ত্র জমা দেয়ার সময় শাজাহান বুকে ব্যথা অনুভব করেন। এসময় দ্রুত তাকে পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। “পরে ১২টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।” সকালে হালিশহর জেলা পুলিশ লাইন মাঠে প্যারেড পরীক্ষা শুরু হয়। এতে জেলার বিভিন্ন থানায় কর্মরত পুলিশ সদস্যরা অংশ নেন। শাজাহান ১৯৯২ সালে পুলিশে যোগ দেন। তার দুই সন্তান রয়েছে। লাশ বিকালে গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএ/১৭৩৯ ঘ.