২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গ’ ইউনিট: শুনানি পূর্ণাঙ্গ বেঞ্চে

‘গ’ ইউনিটে নতুন করে ভর্তি পরীক্ষা না নিয়ে উত্তরপত্র পুনর্মূল্যায়ন করতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত না করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদন শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2011, 08:22 AM

Updated : 24 Aug 2022, 05:19 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘গ’ ইউনিটে নতুন করে ভর্তি পরীক্ষা না নিয়ে উত্তরপত্র পুনর্মূল্যায়ন করতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত না করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদন শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি। হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট আপিলের সিদ্ধান্ত নেয়। রোববার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে আবেদন হয়। সোমবার সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির আদালতে তা তোলা হলে বিচারক সৈয়দ মাহমুদ হোসেন ৭ ডিসেম্বর শুনানির দিন ঠিক রেখে আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। গত ২৮ অক্টোবর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়ার পর ৩১ অক্টোবর ফল প্রকাশ করা হয়। কিন্তু প্রশ্নপত্রে ব্যাপক ভুলের অভিযোগ ওঠায় ফল পুনর্মূল্যায়ন করা হয়। এতে উত্তীর্ণের সংখ্যা প্রায় তিন গুণ বেড়ে যায়। আগে উত্তীর্ণ অনেকের ফলও পরিবর্তন হয়। এরপরও বিপুল সংখ্যক আপত্তি জমা পড়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী ৯ ডিসেম্বর নতুন করে পরীক্ষা নেওয়ার ঘোষণা দেয়। এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে গত ২২ নভেম্বর আগের ফলাফলে উত্তীর্ণ ১২ জন শিক্ষার্থী হাইকোর্টে রিট আবেদন করে। রিট আবেদনের শুনানিতে বিশেষজ্ঞ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেনের বক্তব্য শুনে আগের উত্তরপত্র পুনর্মূল্যায়ন করে ভর্তি করার রায় দেয় হাইকোর্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/এমআই/১৪১৬ ঘ.