ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নূর চৌধুরীকে হস্তান্তরে কানাডার অস্বীকৃতির পরও বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত এ আসামিকে দেশে ফিরিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাবে ঢাকা।
মৃত্যুদণ্ডের শঙ্কা থাকায় নূর চৌধুরীকে ফিরিয়ে দিতে কানাডা অস্বীকৃতি জানানোয় তাকে ফিরিয়ে আনার জন্য উত্তর আমেরিকার এ দেশটির সঙ্গে যৌথভাবে কাজ করা হবে বলে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি জানান।
কানাডা মৃত্যুদণ্ডের বিরোধী এবং কারো মৃত্যুদণ্ড কার্যকরের শঙ্কা থাকলে তাকে হস্তান্তর করে না দেশটি। বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এ এইচ এম বি নূর চৌধুরী বর্তমানে কানাডা অবস্থান করছেন।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দীপু মনিকে উদ্ধৃত করে বলা হয়েছে, বিষয়টি নিয়ে উত্তর আমেরিকার এ দেশটি যে সংকটের মুখে পড়েছে তা ঢাকা উপলব্ধি করতে পেরেছে।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেনের সঙ্গে দীপু মনির বৈঠকের পর মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা বলা হয়।
বৈঠক শেষে কানাডার হাইকমিশনার সাংবাদিকদের বলেন, “আমাদের সরকারের নীতি খুবই স্পষ্ট। কেউ যদি কোনো দেশে মৃত্যুদণ্ডের মুখোমুখি হবেন বলে শঙ্কা থাকে। তবে তাকে আমরা সেদিকে ঠেলে দেবো না।”
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “তিনি (দীপু মনি) বলেছেন, মৃত্যুদণ্ডে দণ্ডিত কোনো ব্যক্তিকে হস্তান্তরের ক্ষেত্রে আদালতের সিদ্ধান্তের কারণে কানাডা যে সমস্যার মুখে পড়েছে তা বাংলাদেশ উপলব্ধি করতে পারায় এ বিষয়ে একটি সমাধানে পৌঁছাতে দেশটির সঙ্গে যৌথভাবে কাজ করার আশা করছে বাংলাদেশ।”
নূরকে ফেরতের জন্য পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির আহ্বানের কথা জানিয়ে ক্রুডেন সাংবাদিকদের বলেন, “তিনি বিষয়টি তুলেছিলেন। আমি আবার আমার সরকারকে জানাবো।”
গত ৫ অক্টোবর বঙ্গবন্ধুর দুই খুনিকে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য যুক্তরাষ্ট্র ও কানাডা সরকারের কাছে চিঠি পাঠান পররাষ্ট্রমন্ত্রী।
বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক আসামি এম রাশেদ চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করা হয়।
দীর্ঘ সময় পর এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ আসামির মধ্যে গত বছর পাঁচ জন সাবেক সেনা কর্মকর্তার ফাঁসি কার্যকর হয়।
দণ্ডিত আসামিদের মধ্যে নূর ও রাশেদসহ ছয় জন এখনো পলাতক রয়েছেন। তারা হলেন- সাবেক সেনা কর্মকর্তা আব্দুর রশিদ, শরিফুল হক ডালিম, আব্দুল মাজেদ ও মোসলেহউদ্দিন। এদের ধরতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইন্টারপোল।
গত বছর ২৮ জানুয়ারি এ মামলার পাঁচ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সৈয়দ ফারুক রহমান, বজলুল হুদা, সুলতান শাহরিয়ার রশিদ খান, মহিউদ্দিন আহমেদ ও এ কে এম মহিউদ্দিনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
গত ৫ অক্টোবর আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, বঙ্গবন্ধুর খুনিদের হস্তান্তরের পর তাদের আইনি সুরক্ষা নিশিচত করা হবে।
“একটি ভুল ধারণা আছে যে, তারা দেশে ফিরলেই তাদের ফাঁসি দেওয়া হবে”, যোগ করেন তিনি।
আইনমন্ত্রী বলেন, আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তারা দেশে ফিরলে রায়ের বিরুদ্ধে তারা আবেদন, রায় পুনর্বিবেচনা (রিভিউ) এবং রাষ্ট্রপতির অনুকম্পা চাওয়ার সুযোগ পাবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/আরআরডি/এএইচ/জিএনএ/২২১২ ঘ.
bdnews24