২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিস্তার পলি অপসারণ শুরু

নীলফামারীতে তিস্তা নদীর ব্যারেজের উজান ও ভাটিতে সাড়ে তিন কিলেমিটার এলাকায় পলি অপসারণের কাজ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2011, 01:27 PM

Updated : 24 Aug 2022, 05:19 PM

নীলফামারী, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীতে তিস্তা নদীর ব্যারেজের উজান ও ভাটিতে সাড়ে তিন কিলেমিটার এলাকায় পলি অপসারণের কাজ শুরু হয়েছে। রোববার দুপুরে এ কাজের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, এ কাজ শেষে নদীভাঙ্গন থেকে রক্ষা পাবে হাজার হাজার হেক্টর আবাদি জমি। বাঁচবে নদী তীরবর্তী এলাকার বসতবাড়ি। ডলিয়া পানি উন্নয়ন বোর্ড কার্যালয় জানিয়েছে, প্রতিবছর বর্ষায় উজান থেকে নামে প্রায় পাঁচ লাখ ঘনমিটার পলি। তিস্তা নদীর প্রস্থ বেড়ে যাওয়ায় পলি দ্রুত ভাটিতে যেতে পারে না। বছরের পর বছর পলি জমে তিস্তা তার স্বাভাবিক নাব্যতা হারিয়েছে। কালিগঞ্জ জিরো পয়েন্ট থেকে ব্রক্ষ্মপুত্র নদের মোহনা পর্যন্ত বিভন্ন স্থানে তিস্তা প্রায় ছয় থেকে ১১ কিলোমিটার পর্যন্ত প্রশস্থ। পলি জমে নাব্যতা হ্রাস পেয়ে পানি ধারণ ক্ষমতা কমে যাওয়ায় বর্ষায় দু’কুল ছাপিয়ে উভয়তীরের বসতিগুলো হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে যায়। উত্তরাঞ্চল পানি উন্নয়ন বোর্ড সার্কেল-২’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী আতিকুর রহমান বলেন, তিস্তার পলি অপসারণ করে দু’পাড়ে ফেলে বাঁধ নির্মাণের মাধ্যমে নদীর প্রস্থ কমিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে উজান থেকে নামা পলি স্বাভাবিকভাবে ভাটিতে চলে যাবে। এবার প্রায় সোয়া ২৩ লাখ ঘনমিটার পলি অপসারণ করা হবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৯২৩ ঘ.