চট্টগ্রাম, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে ছিনতাইয়ের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
এরা হলেন- উজ্জ্বল (৩০) ও মিনহাজ (২৮)। উজ্জ্বল আগেও ছিনতাইয়ের সময় ধরা পড়ে জেল খেটেছেন বলে পুলিশ জানায়।
এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে পালানোর সময় তাদের ধরে পিটুনি দিয়ে পুলিশে দেয় স্থানীয়রা। রোববার দুপুর দেড়টার দিকে নগরীর লাভলেইন সংলগ্ন নেভাল এভিনিউতে এ ঘটনা ঘটে।
ছিনতাইকারীদের বন্দুকের বাটের আঘাতে আহত ব্যবসায়ী প্রণবেশ ধরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দুই ছিনতাইকারীকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রণবেশ নগরীর কাজীর দেউরী এলাকার ভিআইপি টাওয়ারের অপূর্ব জুয়েলার্সের মালিক। তিনি ফটিকছড়ি উপজেলার ধর্মপুর গ্রামের আশুতোষ ধরের ছেলে।
কোতোয়ালি থানার ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর হাজারী গলি থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে রিকশাযোগে কাজীর দেউরীতে নিজ প্রতিষ্ঠানে যাওয়ার সময় লাভ লেইন এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন প্রণবেশ।
তিনি জানান, এসময় ছিনতাইকারীরা দুই রাউণ্ড ফাঁকা গুলি ছুড়ে প্রণবেশের কাছে থাকা নগদ ৪৭ হাজার টাকা নিয়ে ছিনিয়ে নেয়। অলঙ্কার দিতে না চাইলে ছিনতাইকারীরা তার মাথায় বন্দুকের বাঁট দিয়ে আঘাত করে।
এসময় স্থানীয়রা এগিয়ে এলে ছিনতাইকারীরা মটর সাইকেল ও সিএনজি চালিত অটোরিকশায় পালানোর চেষ্টা করে। দুই জনকে আটক করা হলেও বাকিরা পালিয়ে যায়।
এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/আরএ/১৮২১ ঘ.
bdnews24