ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা নগর প্রশাসনকে দুই ভাগে ভাগের পর দুই সিটি কর্পোরেশনে দুজন প্রশাসক নিয়োগ করেছে সরকার।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খলিলুর রহমান এবং ঢাকা উত্তরের দায়িত্ব পেলেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক খোরশেদ আলম চৌধুরী।
ঢাকা সিটি কর্পোরেশন দুই ভাগের প্রতিবাদে বিএনপির হরতালের মধ্যে রোববার স্থানীয় সরকার বিভাগ প্রশাসক নিয়োগের জন্য এ দুজনের নাম চূড়ান্ত করে।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে সকালে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুজন প্রশাসক নিয়োগের প্রস্তাবটি বর্তমানে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই এ সংক্রান্ত আদেশ জারি করা হবে।”
দুপুরের পর স্থানীয় সরকার বিভাগ থেকে এ নিয়োগ সংক্রান্ত সরকারি আদেশ জারি হয়।
ঢাকা দক্ষিণের প্রশাসক খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নতুন দায়িত্ব তিনি একটি চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন।
বর্তমানে ওমানে থাকায় ঢাকা উত্তরের প্রশাসক খোরশেদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
অনির্বাচিত এই দুই প্রশাসক পরবর্তী নির্বাচিত ব্যক্তির হাতে ক্ষমতা ছেড়ে যাবেন। আইন অনুযায়ী, ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে। দুজন প্রশাসক নিয়োগ দেওয়ার পরপরই দুই নগর প্রশাসনে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে নির্বাচন কমিশনকে দুপুরে চিঠিও দিয়েছে সরকার।
তবে এই সময়ে নির্বাচন অনুষ্ঠান সম্ভবপর হবে না বলে মনে করছে নির্বাচন কমিশন।
ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) ভাগে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন সংশোধন বিল বিএনপির প্রবল আপত্তির মধ্যেই গত ২৯ নভেম্বর সংসদে পাস হয়।
ডিসিসি ভাগের প্রতিবাদে বিদায়ী মেয়র সাদেক হোসেন খোকা হাইকোর্টে একটি রিট আবেদনও করেছেন। তার আবেদনে ডিসিসি দুই ভাগ করার সিদ্ধান্ত কেন বাতিল ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়েছে আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/১৬২০ ঘ.
bdnews24