২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তবররক খেয়ে হাসপাতালে ২০ ছাত্র

বরিশালের মুলাদি পৌর মেয়রের বাবার মৃত্যুবার্ষিকীর তবররক খেয়ে ২০ মাদ্রাসা ছাত্র অসুস্থ হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2011, 04:21 PM

Updated : 24 Aug 2022, 05:18 PM

বরিশাল, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের মুলাদি পৌর মেয়রের বাবার মৃত্যুবার্ষিকীর তবররক খেয়ে ২০ মাদ্রাসা ছাত্র অসুস্থ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকালে মেয়র শরিফুজ্জামান রুবেলের বাবা ডা. আব্দুর রাজ্জাক ভুলুর প্রথম মৃত্যুবার্ষিকীর তবররক খায় মুলাদি কাছেমউল নূরানি মাদ্রাসার ছাত্ররা। অসুস্থ ছাত্রদের মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানায় পুলিশ ও এলাকার লোকজন। তবে মেয়র রুবেল তবররক খেয়ে অসুস্থ হওয়ার কথা অস্বীকার করেছেন। মাদ্রাসার সভাপতি আব্দুর রব কমিশনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেয়রের বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাদ আছর মুলাদি বড় মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। সেখানে মাদ্রাসা ছাত্ররা অংশ নেয়। দোয়া ও মোনাজাত শেষে সবার মাঝে তবররক বিতরণ করা হয়। “এই তবররক খেয়ে ছাত্ররা সন্ধ্যার দিকে অসুস্থ হয়ে পড়লে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়,” যোগ করেন সভাপতি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সেলিম আহমেদ জানান, খাদ্যে বিষক্রিয়ার কারণে ছাত্ররা অসুস্থ হয়ে পড়ে। ২০ মাদ্রাসা ছাত্রকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মুলাদি থানার ওসি সোহরাব হোসেন জানান, মাদ্রাসা ছাত্ররা তবররক খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মেয়র রুবেল বলেন, “একই তবারক আরো অনেকে খেয়েছে। তারা কেউ অসুস্থ হয়নি। মাদ্রাসা ছাত্ররা অন্য কোথাও কিছু খেয়ে অসুস্থ হয়ে থাকতে পারে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২০৭ ঘ.