ফেনী, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনী শহরতলীতে ট্রাকচাপায় এক মুক্তিযোদ্ধা স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে ফেনী-সোনাগাজী সড়কের লালপুল এলাকায় এ দুর্ঘটনায় নিহত হন মো. মহিউদ্দিন (৫৫)।
তিনি সোনাগাজী উপজেলার চরমজলিশপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।
ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির কর্মকর্তা মাহফুজুল করিম জানান, মহিউদ্দিন মোটরসাইকেল চালিয়ে কুটিরহাট থেকে ফেনী আসছিলেন। বিকাল সাড়ে ৫টার দিকে মোটরসাইকেলটি লালপুল এলাকায় এলে বিপরীতমুখী একটি ট্রাক চাপা দেয়।
ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান।
পুলিশ ট্রাকটিকে আটক করেছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছে।
নিহতের ছোট ভাই অ্যাডভোকেট নাসির উদ্দিন বাহার জানান, রোববার বেলা ১১টায় ভাদুরিয়া গ্রামের বাড়িতে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৭ ঘ.
bdnews24