২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ডিসিসিতে নির্বাচন করতে কমিশনকে চিঠি রোববার ’

স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ঢাকা সিটি কর্পোরেশনের দুই অংশে নির্বাচনের ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে রোববার চিঠি দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2011, 03:40 PM

Updated : 24 Aug 2022, 05:18 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ঢাকা সিটি কর্পোরেশনের দুই অংশে নির্বাচনের ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে রোববার চিঠি দেওয়া হবে। শনিবার রাতে তিনি সাংবাদিকদের বলেন, “দুই অংশে প্রশাসক হিসেবে দুজন আমলাকেই নিয়োগ দেওয়া হচ্ছে। ফাইল প্রস্তুত আছে।” প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সৈয়দ আশরাফ ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপিকে অংশ নেওয়ার আহ্বান জানান। ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগের বিল প্রধান বিরোধী দল বিএনপির অনুপস্থিতিতে সংসদে পাস হয় গত ২৯ নভেম্বর। এর প্রতিবাদে রোববার রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। আশরাফ শনিবার বলেন, প্রথম ৯০ দিনে নির্বাচন সম্ভব না হলে পরবর্তী ৯০ দিনে নির্বাচন করা হবে। বৃহস্পতিবার রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে ওই বিল আইনে পরিণত হয়। রাষ্ট্রপতির সম্মতির ৯০ দিনের মধ্যে দুই অংশে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। আইন অনুযায়ী দুই অংশে নির্বাচন না হওয়া পর্যন্ত প্রশাসক নিয়োগের কথা। ইতিমধ্যে প্রথম ৯০ দিনে নির্বাচন করা ‘খুব জটিল’ হবে বলে মত প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সন্ধ্যা পৌনে ৬টা থেকে দুই ঘণ্টাব্যাপী সভায় অর্ধ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। আশরাফ জানান, সভায় ডিসিসিকে দুই ভাগ করার বিল পাসকে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ঐক্যবদ্ধভাবে পূর্ণ আস্থা জ্ঞাপন করেছে। তিনি বলেন, “ঢাকাকে ভাগ করা হয়নি। নাগরিক সেবা নিশ্চিত করতে ডিসিসিকে প্রশাসনিক পুনর্বিন্যাস করে দুই ভাগ করা হয়েছে। ডিসিসিকে কুক্ষিগত করার জন্যে তা করা হয়নি।” “৯০ দিনের মধ্যে নির্বাচন করার জন্যে কাল (রোববার) স্থানীয় সরকার সচিব নির্বাচন কমিশনকে চিঠি দেবে। প্রথম ৯০ দিনে সীমানা পুনর্বিন্যাসহ যাবতীয় কার্যাবলী ঠিক করতে হবে। এই ৯০ দিনে নির্বাচন সম্ভব না হলে পরবর্তী ৯০ দিনে নির্বাচন করার বিধান রয়েছে।” কোনো রাজনীতিবিদকে প্রশাসক নিয়োগ করা হচ্ছে না বলে জানান স্থানীয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, “দুই জন সরকারি কর্মকর্তাই প্রশাসক হচ্ছেন। ফাইল রেডি। বাসায় বা অফিসে যে কোনো সময় তা সাইন করতে পারি।” কোনো প্রশাসক ৯০ দিনের বেশি মেয়াদে থাকতে পারবে না বলে আইনে বলা হয়েছে। ‘ ২০০২-এ অংশ না নেওয়া আ. লীগের ভুল ছিল’ ডিসিসিকে দুই ভাগ করা নিয়ে বিরোধী দলের হরতাল ডাকা অযৌক্তিক বলে মন্তব্য করেন আশরাফ। প্রধান বিরোধী দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “স্থানীয় সরকার নির্বাচন একটি নির্দলীয় নির্বাচন। এখানে দল কাউকে সমর্থন দিতে পারে। আসুন আপনারা নির্বাচনে অংশ নিন। সমর্থন না করেন, কাউকে বাধা দেবেন না। অংশ যদি না নেন, অন্তত আপনাদের যোগ্য ও দক্ষ প্রার্থীদের নির্বাচন করা থেকে বঞ্চিত করবেন না।” আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আশরাফ বলেন, “২০০২ এ ডিসিসি নির্বাচনে আওয়ামী লীগের অংশ না নেওয়াটা ছিল ভুল। স্থানীয় নির্বাচনকে জাতীয় রাজনীতির সঙ্গে একিভূত করা সমীচিন নয়।” সিটি কর্পোরেশন নিয়ে রাজনীতি না করতে বিএনপির প্রতি আহ্বান জানান আশরাফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২২১১ ঘ.