২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিগগিরই শিক্ষকদের আলাদা বেতন কাঠামো: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য শিগগিরই আলাদা বেতন কাঠামো গঠন করার আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2011, 01:29 PM

Updated : 24 Aug 2022, 05:18 PM

মাদারীপুর, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষকদের জন্য শিগগিরই আলাদা বেতন কাঠামো গঠন করার আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শনিবার মাদারীপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা শীঘ্রই শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো করবো। সবচেয়ে বেশি বেতন দেবো শিক্ষকদের।” এজন্য তিনি তাদের নিবেদিত হয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। বিকালে শিবচরে নন্দকুমার ইনস্টিটিউশনের শতবর্ষ পূর্তি উৎসবের দ্বিতীয় দিনে এক আলোচনা সভায় তিনি এ আশ্বাস দেন। এর আগে সকালে মন্ত্রী শিবচরের কয়েকটি স্কুল ও কলেজ পরিদর্শন এবং মতবিনিময় করেন। দেশের স্কুল-কলেজের শিক্ষকরা দীর্ঘদিন ধরে আলাদা বেতন কাঠামো দাবি করে আসছেন। সরকারও বিভিন্ন সময়ে শিক্ষকদের এই দাবির প্রতি সমর্থন জানিয়ে পূরণ করা আশ্বাস দিয়ে আসছে। স্কুল পর্যায়ের বিভিন্ন পরীক্ষা সম্পর্কে মন্ত্রী বলেন, এখন প্রতি বছর ১ ফেব্র“য়ারি থেকে এসএসসি, ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। “দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থা দিয়ে আধুনিক বাংলাদেশ গঠন করা যাবে না। বর্তমান শিক্ষা ব্যবস্থার মৌলিক পরিবর্তন ঘটাতে হবে। আমরা চাই নতুন ধরনের শিক্ষা ব্যবস্থা,” যোগ করেন নাহিদ। শিবচর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামসুদ্দিন খানের সভাপতিত্বে বর্ষপূর্তি অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ নূর-ই-আলম চৌধুরী, প্রাক্তন সাংসদ মো. দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক নূর উর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল কবির, পুলিশ সুপার নজরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার শেখ রাসেল, শতবর্ষ অনুষ্ঠানের আহ্বায়ক মো. সেলিম প্রমুখ। এর আগে নুরুল ইসলাম নাহিদ সরকারি বরহামগঞ্জ কলেজ, রিজিয়া বেগম মহিলা কলেজ, শেখ ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৮২৪ ঘ.