২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ২৮১ জন পোশাক শ্রমিক ছাঁটাই

ভাংচুর ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাজীপুরে তৈরি পোশাক কারখানার ২৮১ শ্রমিককে ছাঁটাই করছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2011, 01:16 PM

Updated : 24 Aug 2022, 05:18 PM

গাজীপুর, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাংচুর ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাজীপুরে তৈরি পোশাক কারখানার ২৮১ শ্রমিককে ছাঁটাই করছে কর্তৃপক্ষ। শনিবার সকালে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার মাহমুদ জিন্স লিমিটেড ও মাহমুদ ওয়াশিং প্ল্যান্ট কারখানায় এ ঘটনা ঘটে। তবে এর জেরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে পুলিশ জানিয়েছে। গাজীপুর শিল্প পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার দেওয়ান লালন আহম্মেদ জানান, বেতনের দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের কারণে ২২ নভেম্বর কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপর শনিবার কারখানা খুললে শ্রমিকরা কাজে যোগ দিতে আসে। এসময় কারাখানার মূল ফটকে ছাঁটাই হওয়া ২৮১ শ্রমিকের নাম, পদবি ও ছবি টানানো দেখে তারা বিক্ষোভ শুরু করে। পুলিশ কর্মকর্তা আরো জানান, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কারখানার নিরাপত্তার জন্য পুরো এলাকায় চার প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. রায়হান শ্রমিক ছাঁটইয়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাঁটাইকৃতদের বকেয়া মজুরি আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই নিয়মানুযায়ী পরিশোধ করা হবে। তিনি বলেন, এর আগে বিভিন্ন দাবিতে ওই কারখানায় ভাঙ্গচুর ও কর্মকর্তাদের মারধরের ঘটনায় ১৩ জন শ্রমিককে ছাঁটাই করে কর্তৃপক্ষ। এ ঘটনায় ১০-১২ জন শ্রমিককে আসামি করে কালিয়াকৈর থানায় একটি মামলাও দায়ের করা হয়। এতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় কারখানা বন্ধ করে দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৯০৯ ঘ.