ময়মনসিংহ, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের গৌরিপুর উপজেলা আওয়ামী ওলামা লীগ সভাপতি কাজী মাওলানা জানে আলম জেহাদীকে খুন করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাতে দুই যুবক তাকে বাড়ি থেকে ডেকে নেয়। শনিবার হিরণছনখিলা গ্রামে একটি খাদ থেকে পুলিশ তার জবাই করা লাশ উদ্ধার করে।
বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সাবেক জেলা সাংস্কৃতিক সম্পাদক মাওলানা জানে আলম জেহাদীর বাড়ি গৌরিপুরের কলাদিয়া গ্রামে। বাড়ির পাশে তার একটি মুদির দোকান রয়েছে।
জানে আলম জেহাদীর স্ত্রী হালিমা হাফিজ জানান, শুক্রবার রাত সোয়া ১০টার দিকে অজ্ঞাত পরিচয় দু’যুবক হিরণছনখিলা গ্রামের আবু সিদ্দিকের ছেলে মাসুদের বিয়ে পড়ানোর কথা বলে তাকে ডেকে নিয়ে যায়। এর আগে আবু ছিদ্দিক নিজেও ফোনে তাকে যেতে বলেছিলেন।
গৌরিপুর থানার ওসি দীপক মজুমদার জানান, একটি ব্রিজের পাশে জানে আলমের লাশ পাওয়া যায়। এছাড়া তার বুকে এবং নাভির নিচে ছুরিকাঘাতেরও চিহ্ন রয়েছে।
কী কারণে তাকে হত্যা করা হয়েছে জানা যায়নি। কেউ গ্রেপ্তারও হয়নি। মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৩৩ ঘ.
bdnews24