ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ধানমণ্ডি লেকের পাড়ে গাছের মরা একটি ডাল ভেঙে মাথায় পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত আব্দুস সাত্তার (৪০) শুক্রবার রাতে লেকের পাড়ে গল্প করার সময় তার ওপর ডাল ভেঙে পড়ে বলে তার বন্ধু ও পুলিশ জানিয়েছে।
সাত্তার ঠিকাদারি করতেন। দুই সন্তানের জনক সাত্তারের বাসা হাজারীবাগের বাড্ডানগর পানির ট্যাংকির পাশে।
ধানমণ্ডি ইবনে সিনার পাশের গলির শেষ মাথায় লেকের পাড়ে এই ঘটনা ঘটে। সাত্তারকে তার বন্ধু সাদেকই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাদেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের দুজনেরই বাসা হাজারীবাগে। দুজন লেকের কিছুক্ষণ হাঁটার পর একটি গাছের নিচে বসে গল্প করছিলেন।
“রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ একটি বিকট শব্দ হয় এবং এর সঙ্গে সঙ্গেই গাছের একটি মরা ডাল সাত্তারের মাথায় এসে পড়ে,” বলেন তিনি।
সাত্তারের ওপর ডাল ভেঙে পড়লেও সাদেক অক্ষত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/০০০৫ ঘ.
bdnews24