বান্দরবান, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পক্ষে-বিপক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার বান্দরবানে পার্বত্য চুক্তির চতুর্র্দশ বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।
সকালে ‘পার্বত্য চুক্তির ১৪তম বর্ষপূর্তি উদযাপন কমিটির’র ব্যানারে র্যালি ও রাজার মাঠে আলোচনা হয়। এছাড়া আওয়ামী লীগের উদ্যোগেও শহরে একটি র্যালি হয়।
অপরদিকে চুক্তির বিরোধিতকারী পার্বত্য বাঙালি সমঅধিকার আন্দোলন সকালে শহরের বিভিন্ন পয়েন্টে কালো পতাকা প্রদর্শন করেছে।
বিকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সরকারিভাবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে ‘শান্তিচুক্তি: বাস্তবতা ও বর্তমান অবস্থার বিশ্লেষণ’ শীর্ষক সেমিনার করেছে।
সন্ধ্যায় পার্বত্য বাঙালি সমঅধিকার আন্দোলন চুক্তি বাতিলের দাবিতে করেছে আলোচনা সভা।
বেলা সাড়ে ১১টায় শহরের রাজার মাঠে ‘পার্বত্য চুক্তির ১৪তম বর্ষপূর্তি উদযাপন কমিটি’র আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আদিবাসী অধিকার আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক মেজবা কামাল।
উদযাপন কমিটির আহ্বায়ক দেনদোহা জলাই ত্রিপুরার সভাপতিত্বে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) কেন্দ্রীয় কমিটির সদস্য ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কেএস মং প্রমুখ।
বিকাল ৪টায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে ‘শান্তিচুক্তি: বাস্তবতা ও বর্তমান অবস্থার বিশ্লেষণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা।
পার্বত্য জেলা পরিষদ সদস্য কাজী মজিবর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার কামরুল আহসান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য শফিকুর রহমান, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মংক্যচিং চৌধুরী, জেলা পরিষদ সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক মনিরুল ইসলাম মনু।
অন্যদিকে চুক্তি বাতিলের দাবিতে পার্বত্য বাঙালি সমঅধিকার আন্দোলন সন্ধ্যায় মাদ্রাসা শপিং কমপ্লেক্স চত্বরে আলোচনা সভা করে।
সংগঠনের জেলা সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্ব এতে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী।
১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকার জেএসএস’র সঙ্গে পার্বত্য চুক্তি করে। ওই সময় জনসংহতি সমিতি’র (জেএসএস) একটি অংশ শান্তিচুক্তির বিরোধিতা করে। তারা জেএসএস থেকে বের হয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গঠন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫১ ঘ.
bdnews24