২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজি মামলা, অসহায় দরিদ্র মুক্তিযোদ্ধা

মিথ্যা চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার দেবহাটা উপজেলায় এক দরিদ্র মুক্তিযোদ্ধাকে হয়রান করার অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2011, 03:18 PM

Updated : 24 Aug 2022, 05:18 PM

সাতক্ষীরা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিথ্যা চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার দেবহাটা উপজেলায় এক দরিদ্র মুক্তিযোদ্ধাকে হয়রান করার অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান মুক্তিযোদ্ধা শান্তিরঞ্জন সরকার। শান্তিরঞ্জন সরকার দেবহাটার নওয়াপাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার এবং রামনাথপুর গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, আর্থিক অসচ্ছলতা বিবেচনা করে সরকার তাকে এক একর খাস জমি দেয়। ওই জমিতে তিনি একটি ঘরও তুলেছেন। কিন্তু স্থানীয় প্রভাবশালী আবদুল আজিজ কবলমূলে ওই জমি দাবি করে তাকে বিতারিত করেছেন। এছাড়া মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে আজিজ তার পেছনে পুলিশ লেলিয়ে দিয়েছে বলেও শান্তিরঞ্জন অভিযোগ করেন। শান্তিরঞ্জন জানান, ওই জমিতে তোলা ঘরে গিয়ে দেবহাটা থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল বারী গেলে তাকে কাগজপত্র দেখান শান্তিরঞ্জন। কিন্তু এসআই আবদুল বারী সব কাগজপত্র কেড়ে নিয়ে তাকে ধাক্কা মেরে ফেলে দেন। পরে তাকে টেনে হেঁচড়ে পুলিশের গাড়িতে তোলেন। পরে দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল গনি ও আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনির হস্তক্ষেপে পুলিশ শান্তিরঞ্জনকে ছেড়ে দেয়। তবে পুলিশ এখনো তাকে হয়রান করছে বলে শান্তিরঞ্জন অভিযোগ করেন। এই মামলায় শান্তির সহযোগী শওকত হোসেন, ফয়জুল সরদার, অহিদুজ্জামান, আবদুস সবুর, মো. হাবিবুল্লাহ, শেখ জিয়াদ আলি এবং আইউব আলিকেও আসামি করা হয়। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইনামুল হক বিশ্বাস বলেন, শান্তিরঞ্জন একজন মুক্তিযোদ্ধা জেনেও পুলিশ তাকে অপমানিত করেছে। তিনি এর প্রতিকার দাবি করেন। এছাড়া তার জমি তাকে বুঝিয়ে দেওয়ারও দাবি জানান তিনি। দেবহাটা থানার ওসি শাহজাহান আলী খান জানান, মুক্তিযোদ্ধা শান্তিরঞ্জনের নামে দায়ের করা মামলা মিথ্যা হলে তাকে অব্যাহতি দেওয়া হবে। দারোগা আসামি ধরতে গিয়ে মুক্তিযোদ্ধা জানতে পেরে গ্রেপ্তার না করে ফিরে আসেন। তিনি হেনস্থা করার কথা অস্বীকার করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৩ ঘ.